রাজধানী
দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা
শারদীয় দুর্গাপূজার ছুটিতে বিশেষ সময়সূচিতে চলবে মেট্রোরেল। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচিতে ট্রেন চলাচল করলেও শুক্রবার ২৩ অক্টোবর মেট্রোরেল চলবে বিকেল থেকে। সোমবার ১৯ অক্টোবর ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ছুটির সময়ে যাত্রীদের চাহিদা অনুযায়ী ট্রেন চলাচলের বিরতি সমন্বয় করা হবে। এ সময় ১০ থেকে ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দিনের বেশির ভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। রাতে যাত্রীদের চাহিদা অনুযায়ী ট্রেন চলাচলের বিরতি বেড়ে ১৫ থেকে ২০ মিনিট হবে। এই চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।
শুক্রবার ২৩ অক্টোবর উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায়। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বিকেল ৩টা ২০ মিনিট থেকে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালনা করা হবে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানায়, যাত্রীদের চাপ সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এসব ট্রেন চালিয়ে চলাচলের বিরতি সমন্বয় করা হবে।
স্বাভাবিক কর্মদিবসে ব্যস্ত সময়ে পাঁচ থেকে ছয় মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। অন্য সময় দুই ট্রেনের মধ্যে আট থেকে ১০ মিনিটের ব্যবধান থাকে।