অর্থনীতি
বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
সার, জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে খাদ্য সরবরাহ নিশ্চিত করা এবং ঝুঁকিতে থাকা পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা দিতে বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক।
শুক্রবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বাংলাদেশের দুটি পৃথক প্রকল্পের আওতায় এই অর্থায়ন দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘জরুরি সহায়তা প্রকল্পের’ অধীনে ৩০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে আসন্ন আমন ও বোরো মৌসুমে প্রয়োজনীয় সার আমদানিতে সহায়তা করা হবে। এর ফলে প্রায় ১৪ লাখ হেক্টর জমিতে ধান চাষে সহায়তা মিলবে।
অন্যদিকে, ‘আকস্মিক দুর্যোগ মোকাবেলার জরুরি কর্মসূচি’ প্রকল্পের আওতায় দেওয়া হবে ৭১ কোটি ৩০ লাখ ডলার। এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবার, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের নগদ সহায়তা ও জীবিকা পুনর্বাসনে ব্যয় করা হবে। এতে সংকটকালেও কর্মসংস্থান ও আয়ের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবা সচল রাখতে প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানির ব্যয়ও এই অর্থ থেকে মেটানো হবে। সংস্থাটি জানিয়েছে, প্রকল্পের পুরো অর্থ আগামী বুধবারের মধ্যে ছাড় করা হবে।