অর্থনীতি
আরও বাড়ল সোনার দাম
আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। এর জেরে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। রবিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল সোমবার (২০ অক্টোবর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এ ছাড়া ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকায়। সনাতন পদ্ধতিতে তৈরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকা।
তবে রুপার দামে কোনও পরিবর্তন আসেনি। পূর্বঘোষিত দামে ২২ ক্যারেট রুপা বিক্রি হবে ৬ হাজার ২০৫ টাকা ভরিতে। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৮০২ টাকায়।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় এবং দেশের বাজারে তেজাবি সোনার মূল্যবৃদ্ধির কারণে মূল্য সমন্বয় করা হয়েছে। বর্তমানে বিশ্ববাজারে এক আউন্স স্বর্ণের দাম প্রথমবারের মতো ৪ হাজার ২৪০ ডলার ছাড়িয়েছে।