অর্থনীতি
আরও বাড়ল সোনার দাম, ভরিতে কত?
দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একদিনের ব্যবধানে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে ভালো মানের সোনা বা ২২ ক্যারেটের দাম বেড়ে ভরিতে দুই লাখ ২৭ হাজার টাকার ঘর ছাড়িয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বাজুসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত নতুন মূল্য আগামী ৬ জানুয়ারি (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও, যার ফলে স্থানীয় পর্যায়ে দাম সমন্বয় করা হয়েছে।
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইসডটওআরজি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪৫ ডলারে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৩৯ টাকা করা হয়েছে।