অর্থনীতি
দেশের বাজারে সোনার দাম আরও কমলো
দেশের বাজারে আরও এক দফা সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। নতুন এই মূল্য শুক্রবার (৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম হবে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা।
বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণে ভিন্নতা থাকতে পারে।
এর আগে চলতি মাসের ৫ জানুয়ারি সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।