অর্থনীতি

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১১:০০ পিএম

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা
ছবি: সংগৃহীত

দেশের সোনার বাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ৮ হাজার ৩৩৯ টাকা। ফলে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার (২১ জানুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। নতুন দাম বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫২ টাকা ধার্য করা হয়েছে।