অর্থনীতি
দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৭ হাজারের বেশি
দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
শনিবার (২৯ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণবিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৬৩৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৯ হাজার ৮৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রৌপ্যের দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রৌপ্যের দাম ৪৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ৩৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের দাম ২৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রৌপ্যের দাম ছিল ৪৭০ টাকা। ফলে প্রতি গ্রামে রৌপ্যের দাম কমেছে ১৫ টাকা।
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও নকশার ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে।
এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে সোনা ও রৌপ্যের গহনা বিনিময় কিংবা কেনাবেচার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই মূল্য কার্যকর থাকবে।