অর্থনীতি
বিশ্বজুড়ে মোট বিলিয়নেয়ারের সংখ্যা নিয়ে যা জানা গেল
১০০ কোটি ডলার বা এর বেশি সম্পদের মালিকদের বলা হয় বিলিয়নেয়ার। এ বিলিয়নেয়ারদের মধ্যে অনেকেই বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন সফল উদ্যোক্তা হিসেবে। আবার উত্তরাধিকার সূত্রে নিকটজনের কাছ থেকে পাওয়া সম্পদের জোরেও বিলিয়নেয়ার হয়েছেন অনেকে।
বিশ্বব্যাপী বিলিয়নেয়ারদের সম্পদের গতিপ্রকৃতি নিয়ে ২০১৫ সাল থেকে গবেষণা করে আসছে সুইস ব্যাংক ইউবিএস। ব্যাংকটির সর্বশেষ প্রকাশিত ‘ইউবিএস বিলিয়নেয়ার অ্যাম্বিশনস রিপোর্ট ২০২৫’ অনুসারে, বিশ্বজুড়ে বিলিয়নেয়ারের সংখ্যা এখন ২ হাজার ৯১৯।
আগের বছরের প্রতিবেদনে এ সংখ্যা ছিল ২ হাজার ৬৮২। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিশ্বব্যাপী বিলিয়নেয়ারের সংখ্যা বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ। একই সময় তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে।
সংস্থাটির হিসাবে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সফল উদ্যোক্তা হিসেবে স্ব-অর্জিত সম্পদে নতুন করে বিলিয়নেয়ারের তালিকায় যুক্ত হয়েছেন ১৯৬ ধনকুবের, যাদের সম্মিলিত সম্পদের আকার ৩৮ হাজার ৬৫০ কোটি ডলার।
ইউবিএসের পরিসংখ্যান অনুসারে, বিশ্বে নতুন বিলিয়নেয়ার সৃষ্টির প্রবণতায় এগিয়ে রয়েছে এশিয়া-প্যাসিফিক অঞ্চল। এ অঞ্চল চলতি বছর ১২৮ নতুন বিলিয়নেয়ার পেয়েছে। অঞ্চলভেদে দেখা যায়, এশিয়া-প্যাসিফিক ১ হাজার ৩৬ বিলিয়নেয়ারের আবাসস্থল।
সম্পদ বৃদ্ধির হারের দিক থেকে নারী বিলিয়নেয়াররা পুরুষদের ছাড়িয়ে গেছেন বলে ইউবিএসের তালিকায় উঠে এসেছে। ব্যাংকটির হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে নারী বিলিয়নেয়ারের সংখ্যা এখন ৩৭৪। এক বছরে তাদের গড় সম্পদ ৮ দশমিক ৪ শতাংশ বেড়ে ৫২০ কোটি ডলারে পৌঁছেছে।
পুরুষ বিলিয়নেয়ারদের ক্ষেত্রে এ বৃদ্ধির হার ৩ দশমিক ২ শতাংশ। নারী বিলিয়নেয়ারদের সম্পদ বৃদ্ধিতে ভোক্তা ও খুচরা বাজার খাত প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। ইউবিএস সিঙ্গাপুরের প্রধান ইয়াং জিন ই জানান, নারী উদ্যোক্তা বিলিয়নেয়ারের অনুপাত সবচেয়ে বেশি এশিয়া-প্যাসিফিকে।
দীর্ঘমেয়াদি বিনিয়োগে বিলিয়নেয়ারদের আগ্রহের জায়গায় এখন বড় ধরনের পরিবর্তন আসছে বলে অভিমত বিশ্লেষকদের। অতিধনীদের মধ্যে ৩৪ শতাংশ এখন বৃহত্তর চীনকে সবচেয়ে বেশি সম্ভাবনাময় বিনিয়োগ ক্ষেত্র হিসেবে দেখছেন।
চলুন জেনে নেয়া যাক বিশ্বের ৫ শীর্ষ বিলিওনেয়ার ব্যাক্তি ২০২৫:
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন।
তালিকায় প্রথম স্থানে রয়েছেন টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। তার মোট সম্পত্তির পরিমাণ ৩৪২ বিলিয়ন ডলার। এর পরেই রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তার মোট সম্পত্তির পরিমাণ ২১৬ বিলিয়ন ডলার। ২১৫ বিলিয়ন ডলার নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের মালিক জেফ বেজস।
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন ল্যারি এলিসন ও বার্নার্ড আর্নল্ট এবং পরিবার। তাদের মোট সম্পত্তির পরিমাণ যথাক্রমে ১৯২ ও ১৭৮ ডলার।