অর্থনীতি

দৈনিক গড়ে এক হাজার কোটি টাকা রেমিট্যান্স দেশে আসছে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পিএম

দৈনিক গড়ে এক হাজার কোটি টাকা রেমিট্যান্স দেশে আসছে
ছবি: সংগৃহীত

এপ্রিলের শুরুতেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্বি দেখা গেছে। মাসের প্রথম চার দিনেই এসেছে ৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ১৩৫ কোটি ৮০ লাখ টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। ফলে প্রতিদিন গড়ে হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স দেশে আসছে।

রোববার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে।

গত বছরের এপ্রিলের প্রথম চার দিনে যেখানে রেমিট্যান্স এসেছিল মাত্র ৬ কোটি ৫০ লাখ ডলার, সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি ৯০ লাখ ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪২৫ দশমিক ৩০ শতাংশ।

এছাড়া চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৪ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৫৪ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২ হাজার ১৮৫ কোটি ডলার। সে হিসাবে সামগ্রিক প্রবাহে বেড়েছে ২১ দশমিক ৫০ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের আয় বৃদ্ধি, বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহ এবং ব্যাংকিং চ্যানেলের ব্যবহার বাড়ার ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।