অর্থনীতি

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা করে পাশে থাকার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৭ এএম

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা করে পাশে থাকার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে প্রস্তাবিত পরিকল্পনার জন্য বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রশংসা করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির চেয়ারম্যান অজয় বাঙ্গা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে পরামর্শ ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর বসন্তকালীন বৈঠকের ফাঁকে দীর্ঘ প্রায় এক দশক পর অনুষ্ঠিত একক বৈঠকে বিষয়টি উঠে আসে। বৈঠক শেষে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, দেশের অর্থনীতিকে পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির ইশতেহারে যে কৌশল তুলে ধরা হয়েছে, তা বিশ্বব্যাংক কর্তৃপক্ষ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। বিশেষ করে অর্থনৈতিক সংস্কার, আর্থিক শৃঙ্খলা এবং টেকসই উন্নয়ন নিয়ে প্রস্তাবিত দিকনির্দেশনা তাদের নজর কাড়ে।

এদিকে, একই সফরে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্ল্যাটফর্ম ভি-২০ গ্রুপ-এর মন্ত্রী পর্যায়ের সংলাপেও অংশ নেন অর্থমন্ত্রী। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষয়ক্ষতি এবং তা মোকাবিলায় অর্থায়নের সীমাবদ্ধতা তুলে ধরেন। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচির বিষয়েও আলোচনা করেন।

এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনবিআর চেয়ারম্যান। দেশের শেয়ারবাজার পুনরুজ্জীবিত করা ও সামগ্রিক আর্থিক খাত স্থিতিশীল করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।