অর্থনীতি
দেশের মানুষের পাতে জুটছে না, তবু ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ
মাছে-ভাতে বাঙালির পছন্দের তালিকায় শীর্ষে থাকা ইলিশ এখন যেন ধরা ছোঁয়ার বাইরে। দেশের বাজারে ইলিশের দাম ক্রমাগত বেড়ে চলেছে, আর নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তদের প্লেটেও এখন ইলিশ শুধু স্বপ্নের খাবার। এমন পরিস্থিতিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবছরের মতো চলতি বছরও দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে শর্ত সাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগ্রহী রপ্তানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বরের (বিকেল ৫টা) মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে হার্ডকপিতে আবেদন করতে হবে।
আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিল দাখিল করতে হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
এরই মধ্যে যারা আহ্বান ছাড়াই আবেদন করেছেন তাদেরও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এর আগে গত বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতকে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার। তবে পরে সেই পরিমাণ কমিয়ে আনা হয় ২ হাজার ৪২০ মেট্রিক টনে। এবার সেই তুলনায় রপ্তানির পরিমাণ অনেক কম হলেও, বাজার পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক—তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।