অর্থনীতি

পাকিস্তান-বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু, পণ্য পৌঁছাবে অর্ধেক সময়েই!


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

পাকিস্তান-বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু, পণ্য পৌঁছাবে অর্ধেক সময়েই!
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে করাচি ও চট্টগ্রামের সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু করা হয়েছে। এর ফলে পণ্য পরিবহনের সময় প্রায় অর্ধেকে নেমে এসেছে এবং লজিস্টিক খরচ উল্লেখযোগ্যভাবে কমেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতীয় পরিষদে জমা দেওয়া লিখিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। সরাসরি শিপিং সেবার মাধ্যমে এখন পণ্য পৌঁছাতে সময় লেগে ২৩ দিনের পরিবর্তে মাত্র ১০ দিন, যা পরিবহন ব্যয় কমাতে সহায়ক হয়েছে।

এছাড়া, বাংলাদেশ ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে পাকিস্তানি পণ্যের জন্য বন্দরগুলোতে ১০০ শতাংশ পরিদর্শন বাধ্যবাধকতা তুলে দিয়েছে। ইসহাক দার এ সিদ্ধান্তকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি হিসেবে আখ্যায়িত করেছেন।

২০২৪ সালের ২৭ অক্টোবর ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশের নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারিতে একটি চুক্তির ভিত্তিতে পাকিস্তান ইতিমধ্যে বাংলাদেশে ৫০ হাজার টন চাল রপ্তানি করেছে এবং মোট ২ লাখ টন চাল রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছে।

লিখিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও ডেনিম এক্সপোতে পাকিস্তানের দুই শতাধিক কোম্পানি অংশ নিয়েছে, যা বাংলাদেশের টেক্সটাইল ও উৎপাদন খাতে পাকিস্তানের ক্রমবর্ধমান আগ্রহের প্রমাণ।

এছাড়া, সরাসরি বিমান যোগাযোগের পরিকল্পনাও চলছে। বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তানের দুটি বেসরকারি বিমান সংস্থাকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। ইসহাক দারের আশা, আকাশপথ চালু হলে ব্যবসা ও পর্যটন—উভয় ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।