অর্থনীতি
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম চলতি সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।
শুক্রবার, ৪ সেপ্টেম্বর লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৫ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ২৬ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৬ ডলারে উঠেছে।
গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ। ফলে জুলাইয়ের মাঝামাঝির পর চলতি সপ্তাহে তেলের দামে সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা তেলের বাজারে চাপ বাড়াচ্ছে। এরই মধ্যে বৃহস্পতিবার তেলের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
এর আগে মঙ্গলবার নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত শুরু হলে ব্রেন্টের দাম একদিনে ৪ দশমিক ৬ শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৫ দশমিক ২ শতাংশ বেড়ে যায়।
বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে তেল সরবরাহে আরও বিঘ্ন ঘটতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে।