বিনোদন
প্রাক্তন প্রেমিকার জন্মদিনে চুপিচুপি হাজির সালমান খান
বলিউডে একসময় চর্চার কেন্দ্রে ছিলেন সালমান খান ও সঙ্গীতা বিজলানির প্রেম। শুরুটা হয়েছিল একটি বিজ্ঞাপনের সেটে, সেখান থেকেই শুরু হয় দীর্ঘ এক দশকের প্রেম। এমনকি বিয়ের কার্ডও ছাপা হয়েছিল—কিন্তু শেষমেশ তারা একসঙ্গে পথচলার সিদ্ধান্ত থেকে সরে আসেন। পরে সঙ্গীতা বিয়ে করেন ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনকে, যদিও সে সম্পর্কও টেকেনি বেশি দিন।
কিন্তু সম্পর্ক ভাঙলেও সালমান ও সঙ্গীতার বন্ধুত্ব আজও অটুট। প্রায়ই সালমানের আয়োজিত পার্টিতে দেখা যায় সঙ্গীতাকে। আর এবার তো সরাসরি তার জন্মদিনেই হাজির হলেন সালমান খান।

সাধারণ অথচ নজরকাড়া উপস্থিতি—কালো টি-শার্ট ও ডেনিম জিন্সে দেখা গেল ভাইজানকে। নতুন হেয়ার কালারও নজরে এলো অনেকের। যদিও পার্টিতে ঢোকার সময় খুব একটা কথা বলেননি, ক্যামেরার ফ্ল্যাশ থেকে কিছুটা দূরেই থাকলেন। তবে গেটের সামনে একটি শিশুকে দেখে থেমে গেলেন, আদর করে কথা বললেন, এমনকি তাকে ছবি তোলার সুযোগও দিলেন।
সঙ্গীতার জন্মদিনে আরও হাজির ছিলেন অভিনেতা অর্জুন বিজলানি। তিনি ইনস্টাগ্রামে সালমান ও সঙ্গীতার সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “শুভ জন্মদিন সঙ্গীতা বিজলানি, তুমি দারুণ একজন মানুষ। দিনটা আরও সুন্দর হয়ে গেল সালমান খানের সঙ্গে দেখা হওয়ায়। অনেক ভালোবাসা ভাই।”

পার্টি শেষে সালমান যখন গাড়ির দিকে যাচ্ছিলেন, তখন চারপাশে ভক্তদের ভিড়। এক ভক্ত তার কাঁধে হাত রেখে সেলফি তুলতে চাইলে নিরাপত্তাকর্মীরা সাথে সাথেই হস্তক্ষেপ করেন। এরপর দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন সালমান।
এদিকে ক্যারিয়ারে কিছুটা খারাপ সময় পার করছেন বলিউডের ভাইজান। একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হচ্ছে, সমালোচনার তীরও ছুটছে তার দিকে। তবে এবার বড় বাজির মতো ফিরে আসছেন তিনি ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমায়।
এই ছবিতে সালমান অভিনয় করছেন শহীদ কর্নেল বি. সন্তোষ বাবুর চরিত্রে, যিনি ২০২০ সালের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। পরিচালনায় আছেন অপূর্ব লাখিয়া। জানা গেছে, ছবিতে সালমানের বিপরীতে থাকবেন চিত্রাঙ্গদা সিং। বাস্তব যুদ্ধ পরিস্থিতির ওপর নির্মিত এমন চরিত্রে এই প্রথম দেখা যাবে সালমানকে।