বিনোদন

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা ধুপিয়া, জানালেন নিজেই


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১১:১৭ এএম

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা ধুপিয়া, জানালেন নিজেই
নেহা ধুপিয়া। ছবি: সংগৃহীত

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন ছিল বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ও অভিনেতা অঙ্গদ বেদীকে ঘিরে। ২০১৮ সালের মে মাসে তাদের আকস্মিক বিয়ের পর থেকেই সেই গুঞ্জন দানা বাঁধে। এবার অবশেষে এই নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দিলেন নেহা নিজেই।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নেহা ধুপিয়া জানান, বিয়ের আগেই তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং এই খবরটি প্রথম জানান ঘনিষ্ঠ বন্ধু সোহা আলি খান ও তার স্বামী কুণাল খেমুকে।

Neha dhupia1_Dhakaprokash.jpg

স্মৃতিচারণ করে নেহা বলেন, “আমরা একবার একসঙ্গে ডিনারে গিয়েছিলাম। হঠাৎ করেই আমি কুণালের গায়ে ঝুঁকে পড়ি, প্রায় অজ্ঞান অবস্থায়। সবাই ভীষণ ঘাবড়ে যায়। পরদিন যখন ওদের সঙ্গে আবার দেখা হয়, তখন আমি জানাই, আমি প্রেগন্যান্ট।”

সোহা ও নেহার বন্ধুত্ব বহু বছরের, তাই এমন স্পর্শকাতর বিষয় ভাগ করে নিতে তিনিই নেহার ভরসার জায়গা হয়ে উঠেছিলেন। অভিনেত্রী বলেন, “সোহা তখন সদ্য মা হয়েছে। ওর সঙ্গে এসব কথা বলতে খুব স্বাভাবিক লাগত। তখনো আমার আর অঙ্গদের বিয়ে হয়নি, সম্পর্ক শুরু হয়েছে বেশি দিন হয়নি—সব মিলিয়ে পরিস্থিতিটা খুব ব্যক্তিগত ছিল।”

Neha dhupia2_Dhakaprokash.jpg

তবে এত কাছের সম্পর্ক সত্ত্বেও নিজের বিয়েতে সোহাকে দাওয়াত দেননি নেহা। এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। “বিয়েটা খুব তাড়াহুড়ো করে করতে হয়েছিল। আমি তখন অন্তঃসত্ত্বা ছিলাম। পরিবারের মধ্যে অনেক আলোচনা, প্রস্তুতি—সব মিলিয়ে হইচই লেগেই ছিল। সেই ব্যস্ততার মধ্যেই সীমিত পরিসরে বিয়েটা সেরে ফেলি,” বলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১০ মে নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর বিয়ে হয় মাত্র ৩০-৪০ জন অতিথির উপস্থিতিতে। একই বছরের নভেম্বরেই জন্ম নেয় তাদের প্রথম সন্তান মেহর। পরে ২০২১ সালে এই দম্পতির ঘরে আসে ছেলে গুরিক।