বিনোদন

বলিউড বক্স অফিসে ইতিহাস গড়েছে ‘সাইয়ারা’


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৬:১৫ পিএম

বলিউড বক্স অফিসে ইতিহাস গড়েছে ‘সাইয়ারা’
ছবি: সংগৃহীত

বলিউডে নতুন তারকা জুটির ঝড়! মুক্তির পরপরই বক্স অফিস কাঁপাচ্ছে ‘সাইয়ারা’। আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ছবিটি একদিকে যেমন দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে, অন্যদিকে বক্স অফিসেও তৈরি করেছে একের পর এক রেকর্ড।

মঙ্গলবার (২২ জুলাই) পর্যন্ত ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১৩২.২৫ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮৫ কোটি টাকারও বেশি। শুধু তাই নয়, মঙ্গলবার একদিনেই ছবিটি আয় করেছে ২৫ কোটি রুপি, যা ভেঙে দিয়েছে বলিউডের বহু বড় ছবির প্রথম মঙ্গলবারের আয়ের রেকর্ড।

saiyara1_Dhakaprokash.jpg

এই একদিনের আয়েই ‘সাইয়ারা’ পেছনে ফেলেছে আমির খানের ‘দঙ্গল’ (২৩.০৯ কোটি), শাহরুখ খানের ‘পাঠান’ (২৩ কোটি), সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ (২১.৬০ কোটি) এমনকি সুপারস্টার যশের ‘কেজিএফ ২’-এর মতো ছবিকেও।

এছাড়া ৫ দিনের মাথায় ছবির মোট আয় যেখানে ১৩০ কোটির গণ্ডি পেরিয়েছে, সেখানে এর নির্মাণ ব্যয় ছিল মাত্র ৬০ কোটি রুপি। ফলে ব্যবসায়িক দিক থেকেও ‘সাইয়ারা’ এখন সুপারহিটের পথে। বিশ্লেষকরা বলছেন, খুব শিগগিরই এটি ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে।

saiyara2_Dhakaprokash.jpg

এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হয়েছে চাঙ্কি পান্ডের ভাইপো আহান পান্ডের। প্রথম ছবিতেই গায়ক ও প্রেমিকের চরিত্রে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। অনীত পাড্ডাকেও আগেই দেখা গিয়েছিল ‘সালাম ভেঙ্কি’ ছবিতে, তবে ‘সাইয়ারা’ দিয়েই তিনি যেন আলাদা পরিচিতি পেলেন।

মোহিত সুরি পরিচালিত এবং যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সাইয়ারা’ এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। সিনেমা হলের ভিড়, দর্শকদের আবেগপ্রবণ প্রতিক্রিয়া—সব মিলে ছবিটি এখন পুরো বলিউডের আলোচনার কেন্দ্রে।