বিনোদন
বিয়ের কয়েক ঘণ্টা পরেই অভিনেতার স্ত্রী বললেন, ‘আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা’
বিয়ের পরপরই স্ত্রী সন্তান সম্ভাবনার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন তামিল অভিনেতা ও শেফ মধমপট্টি রঙ্গরাজ। রোববার (২৭ জুলাই) নতুন জীবন শুরুর ঘোষণা দেন তিনি এবং জনপ্রিয় স্টাইলিস্ট জয় ক্রিজিলদা। আর বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই জয় জানান, তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা!
ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি শেয়ার করে জয় লেখেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস রঙ্গরাজ’, সঙ্গে ছিল 'স্বামী-স্ত্রী' হ্যাশট্যাগ। পরের পোস্টেই তারা জানান, আগামী ২০২৫ সালে তাদের ঘরে আসছে নতুন অতিথি। “আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা,” — বলেন জয়, এক ছবি ক্যাপশনে।
সোশ্যাল মিডিয়ায় একদিকে অভিনন্দনের জোয়ার, অন্যদিকে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঢেউ। অনেকে প্রশ্ন তুলেছেন, সদ্য বিবাহিত এক দম্পতির এমন ঘোষণা কীভাবে সম্ভব?

এদিকে রঙ্গরাজের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে বিতর্কও সামনে এসেছে। অভিনেতার প্রথম স্ত্রী শ্রুতি রঙ্গরাজ দাবি করেছেন, এখনো তাদের মধ্যে আইনি বিচ্ছেদ হয়নি। শ্রুতি একজন আইনজীবী এবং শোবিজের বাইরের মানুষ। এই দম্পতির রয়েছে দুই ছেলে সন্তান।
এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি রঙ্গরাজ। তবে নেটিজেনদের বড় একটি অংশ এই সম্পর্কের বৈধতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
উল্লেখ্য, ‘মেহেন্দি সার্কাস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে রঙ্গরাজের। এরপর ‘পেঙ্গুইন’-সহ আরও কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি তিনি পেশাদার শেফ হিসেবেও পরিচিত।