বিনোদন
‘চুক্তির বিয়ে’ নিয়ে মুখ খুললেন হিনা খান, স্বীকার করলেন বাস্তবতা
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান সম্প্রতি এক নতুন বিতর্কের মুখে। এক সময় ক্যানসারের মতো মরণব্যাধিকে জয় করার সাহসী গল্প তুলে ধরলেও, এবার আলোচনার কেন্দ্রবিন্দু তার ব্যক্তিগত জীবন—বিশেষ করে বিয়ে।
গত জুন মাসে বহু বছরের প্রেমিক রকি জসওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হিনা। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই তাকে দেখা যায় ‘পতি পত্নী ও পঙ্গা’ নামের একটি রিয়্যালিটি শোতে, যেখানে স্বামী-স্ত্রী হিসেবে অংশগ্রহণ করেন তারা। এ থেকেই শুরু হয় জল্পনা—এই বিয়ে কি শুধুই ওই শোয়ের জন্যই?

সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা কটাক্ষ—হিনা নাকি শোয়ের চাহিদা পূরণ করতেই হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেন। এত দিন নীরব থাকলেও এবার সে অভিযোগের বিষয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী।
হিনা স্পষ্ট জানান, "বিয়েটা আগেই হওয়ার কথা ছিল, কিন্তু আমার অসুস্থতার কারণে পেছাতে হয়। শোয়ের নির্মাতারা আমাদের প্রেমিক-প্রেমিকা হিসেবেই নিতে চেয়েছিলেন, কিন্তু আমি চেয়েছি বিয়ের পরই সেই পরিচয়ে আসতে। যেহেতু শোয়ের নামেই আছে 'পতি পত্নী', তাই এমন সিদ্ধান্ত নিই।"

যদিও এই ব্যাখ্যা অনেকের কাছে সম্পর্কের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে, হিনা নিজের মতো করে সত্যিটা সামনে এনে বুঝিয়ে দিলেন—প্রয়োজন ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখতে গিয়েই এমন সিদ্ধান্ত।