বিনোদন
বিচ্ছেদের গুঞ্জনে আবারও আলোচনায় ‘সাইফিনা’ দম্পতি
বলিউডের অন্যতম আলোচিত এবং জনপ্রিয় তারকা জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। প্রেম, বিয়ে থেকে সন্তানের জন্ম—সব মিলিয়ে এক যুগেরও বেশি সময় ধরে তারা আলোচনায় থেকেছেন ‘সাইফিনা’ নামে। তবে এবার সেই সংসারেই নাকি ফাটল ধরেছে! এমনটাই দাবি করছেন পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যান।
সম্প্রতি নিজের একটি ভিডিওতে মুবাসের জানান, সাইফ-কারিনার দাম্পত্য জীবন ক্রমেই জটিল হয়ে উঠছে এবং তারা বিচ্ছেদের পথে হাঁটছেন। তথ্যের উৎস হিসেবে তিনি একটি ‘ভারতীয় সূত্র’-এর কথা বললেও, কোন সংবাদমাধ্যম বা নির্দিষ্ট কোনো প্রমাণ তিনি হাজির করতে পারেননি।

সাংবাদিকের দাবি অনুযায়ী, একবার কারিনা নিজের স্বামী সাইফকে অন্য এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। সেখান থেকেই শুরু হয় দাম্পত্য টানাপড়েন। আরও জানা গেছে, সাইফ নাকি কাতারে স্থায়ীভাবে বসবাস করতে চান, কিন্তু কারিনার তাতে কোনো আগ্রহ নেই। এই মতবিরোধও দুজনের সম্পর্কে তীব্র দূরত্ব তৈরি করেছে।
তবে এখানেই থেমে থাকেননি মুবাসের। তার আরও বিস্ফোরক দাবি—সাইফ আলি খানের উপর অতীতে যে হামলার ঘটনা ঘটেছিল, তার পেছনেও নাকি কোনো না কোনোভাবে কারিনার হাত রয়েছে! যদিও এই দাবি ইতোমধ্যেই ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিচ্ছে বলিউড মহলের বড় একটি অংশ। এমনকি সাইফ কিংবা কারিনার পক্ষ থেকেও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য আসেনি।

প্রসঙ্গত, ২০১২ সালে কারিনাকে বিয়ে করেন সাইফ আলি খান। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ প্রেমপর্ব শেষে এই জুটি সংসার পাতেন। তাদের দুই সন্তান তৈমুর এবং জেহ বর্তমানে সেলিব্রিটি সন্তানদের তালিকায় শীর্ষে।
সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত ও পেশাগত জীবন দুই সামলে সাবলীলভাবে এগিয়ে যাচ্ছিলেন কারিনা। কিন্তু পাকিস্তানি সাংবাদিকের সূত্র ধরে ফের শুরু হয়েছে এই তারকা জুটির বিচ্ছেদ নিয়ে গুঞ্জন। যদিও এসবের মধ্যে বাস্তবতা কতটা আছে, তা সময়ই বলবে।