বিনোদন

গোবিন্দ-সুনীতার বিচ্ছেদের গুঞ্জন, মেয়ে বললেন ‘সবই গুজব’


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পিএম

গোবিন্দ-সুনীতার বিচ্ছেদের গুঞ্জন, মেয়ে বললেন ‘সবই গুজব’
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদ নিয়ে সম্প্রতি ফের গুঞ্জন উঠেছে। প্রায় চার দশকের সংসার জীবন কাটানো এই জুটির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেই দাবি করছে একাধিক ভারতীয় গণমাধ্যম। কেউ কেউ বলছেন, সুনীতা আদালতে ডিভোর্সের আবেদনও করেছেন। তবে এসব গুঞ্জনের বিপরীতে এবার সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন তাদের মেয়ে টিনা আহুজা।

এক সাক্ষাৎকারে টিনা পরিষ্কার ভাষায় বলেছেন, “এসব গুজব ছাড়া আর কিছুই নয়।” হিন্দুস্তান টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এমন এক পরিবারে জন্মেছি যেখানে অনেক ভালোবাসা, সম্মান আর বন্ধন আছে। আমাদের নিয়ে যারা উদ্বেগ প্রকাশ করছেন, তাদের ধন্যবাদ জানাই। তবে এই বিচ্ছেদের খবরের কোনো ভিত্তি নেই।”

govinda family_Dhakaprokash.jpg

টিনার বক্তব্য অনুযায়ী, তিনি এসব ‘গসিপ’ বা গুজবে খুব একটা গুরুত্বই দেন না। এমনকি তিনি জানান, “বাবা এখন দেশে পর্যন্ত নেই। কাজেই এই খবরের কোনো বাস্তবতা নেই।”

গোবিন্দ-সুনীতার দাম্পত্য জীবনে টানাপোড়েনের খবর নতুন নয়। কয়েক মাস আগেও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল। তখনও সুনীতা বলেছিলেন, “যতক্ষণ না আমার বা গোবিন্দর কাছ থেকে সরাসরি কিছু না শুনবেন, ততক্ষণ কিছুই বিশ্বাস করবেন না।”

govinda family1_Dhakaprokash.jpg

তবে ভারতীয় গণমাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর সুনীতা আহুজা হিন্দু বিবাহ আইনের অধীনে গোবিন্দর বিরুদ্ধে আদালতে মামলা করেন। অভিযোগে বলা হয়, অভিনেতা পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন, স্ত্রীকে মানসিকভাবে নির্যাতন করেছেন এবং তাকে পরিত্যাগ করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে কোর্ট থেকে গোবিন্দকে হাজিরার নোটিশও পাঠানো হয়। জানা যায়, তিনি ২০২৫ সালের মে পর্যন্ত আদালতে উপস্থিত হননি। পরে জুন থেকে উভয় পক্ষ আদালতের পরামর্শে কাউন্সেলিংয়ে অংশ নিচ্ছেন। তবে সেই কাউন্সেলিংয়ে গোবিন্দ নিজে উপস্থিত হয়েছেন কি না, তা নিশ্চিত নয়।

তবে এসব জটিল খবরের মধ্যেই টিনার বক্তব্য যেন খানিক স্বস্তি দিচ্ছে ভক্তদের। তিনি আবারও জানান, “আমি আমার পরিবার নিয়ে গর্বিত। গুজবে কান না দিয়ে সত্য জানার জন্য ধৈর্য ধরুন।”

govinda family2_Dhakaprokash.jpg

প্রসঙ্গত, গোবিন্দ ও সুনীতা ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান—মেয়ে টিনা আহুজা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে অভিনয়ে নাম লিখিয়েছেন টিনা। ২০১৫ সালে ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় তার অভিষেক ঘটে। ছেলে যশবর্ধনও শিগগিরই পরিচালক সাই রাজেশের হাত ধরে বলিউডে পা রাখছেন বলে শোনা যাচ্ছে।

যদিও বিচ্ছেদ নিয়ে নানা খবর ঘুরছে মিডিয়ায়, তবু টিনার বক্তব্য বলছে- গোবিন্দ-সুনীতার সম্পর্ক এখনও অটুট রয়েছে। এখন দেখার বিষয়, এই দম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য আসে কি না।