বিনোদন

বিশ্বের সবচেয়ে ধনী তারকার মুকুট এখন শাহরুখ খানের মাথায়


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পিএম

বিশ্বের সবচেয়ে ধনী তারকার মুকুট এখন শাহরুখ খানের মাথায়
শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউডের রুপালি পর্দায় দীর্ঘ তিন দশকের রাজত্ব, অগণিত হিট ছবি, কোটি ভক্তের ভালোবাসা- সব মিলিয়ে শাহরুখ খানকে ‘বলিউড বাদশাহ’ বলা হয় কোনো বিশেষণ হিসেবে নয়, প্রাপ্য সম্মান হিসেবেই। এবার সেই উপাধির সঙ্গে যোগ হলো আরেকটি নতুন পরিচয়, বিশ্বের সবচেয়ে ধনী তারকা।

সম্প্রতি ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, সম্পদের দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় তারকাদের সবাইকে ছাড়িয়ে গেছেন শাহরুখ খান।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২,৪৯০ কোটি রুপিতে, যা প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের সমান। এর ফলে টেলর সুইফট, আর্নল্ড শোয়ার্জনেগার, জেরি সাইনফেল্ড, এমনকি সেলেনা গোমেজের মতো বিশ্বখ্যাত তারকারাও এখন তার পেছনে।

shahrukh khan1_Dhakaprokash.jpg

শাহরুখ খানের এই আর্থিক উত্থান হঠাৎ করে হয়নি। এটি একটি দীর্ঘ, পরিশ্রমে গড়া যাত্রার ফসল। ৫৯ বছর বয়সী এই তারকা শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন—তিনি একজন সফল ব্যবসায়ীও। তার মালিকানাধীন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও ভিএফএক্স স্টুডিও বলিউডের অন্যতম বড় প্রোডাকশন হাউস ও কারিগরি প্রতিষ্ঠান। এছাড়া তিনি কলকাতা নাইট রাইডার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিরও অংশীদার। মধ্যপ্রাচ্যে রয়েছে তার একাধিক রিয়েল এস্টেট বিনিয়োগ। তবে এখনো তার প্রধান আয়ের উৎস চলচ্চিত্রই।

এর বাইরেও শাহরুখ খান বিভিন্ন নামকরা ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করে থাকেন। আইসিআইসিআই, হুন্দাই, লাক্সসহ অন্তত ১৪টি ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি রয়েছে। এক জরিপে দেখা গেছে, বছরে গড়ে তার আয় প্রায় ৩১৩ কোটি রুপি। ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয়ের অভিনয়শিল্পীদের মধ্যে তিনি তিনবার জায়গা করে নিয়েছেন।

shahrukh khan2_Dhakaprokash.jpg

ভারতের বিনোদন জগতের সবচেয়ে ধনী তারকা হিসেবেও তিনি এখন শীর্ষে। দ্বিতীয় অবস্থানে রয়েছেন তার ব্যবসায়িক অংশীদার জুহি চাওলা ও তার পরিবার, যাদের মোট সম্পদ ৭,৭৯০ কোটি রুপি। তৃতীয় স্থানে আছেন হৃত্বিক রোশন, যার সম্পদের পরিমাণ প্রায় ২,১৬০ কোটি রুপি।

তিন দশকের বেশি সময় ধরে ভারতীয় দর্শকের মন জয় করে চলা শাহরুখ খান আজ শুধু একজন অভিনেতা নন, তিনি একজন সাংস্কৃতিক আইকন। এই অর্জন তার ক্যারিয়ারে আরেকটি গৌরবময় পালক যোগ করল। ‘বাদশাহ’ শব্দটা তার ক্ষেত্রে এখন শুধু উপাধি নয়, বাস্তবতা।