বিনোদন
শাহরুখের বিপদ ডেকে আনলো ছেলে আরিয়ানের ওয়েব সিরিজ
ছেলের নির্মিত ওয়েব সিরিজ ঘিরে আইনি জটিলতায় পড়েছেন বলিউড কিং শাহরুখ খান। আরিয়ান খানের পরিচালিত ‘দ্য ব্যাডস অব বলিউড’ শিরোনামের সিরিজের কারণে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্স-এর বিরুদ্ধে সমন জারি করেছে দিল্লি হাইকোর্ট।
বুধবার (৮ অক্টোবর) জারি করা এই সমনের প্রেক্ষিতে আদালত জানিয়েছে, মামলার আন্তর্বর্তী শুনানি হবে ৩০ অক্টোবর।

এই মামলাটি দায়ের করেছেন ভারতের সাবেক এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো)-র জোনাল ডিরেক্টর সমির ওয়াংখেড়ে। তার অভিযোগ, সিরিজটিতে তাকে পরোক্ষভাবে ব্যঙ্গ করা হয়েছে। এতে তার ব্যক্তিগত এবং পেশাগত সম্মান ক্ষুণ্ন হয়েছে বলেও তিনি দাবি করেন। এ কারণে তিনি শাহরুখ খান, গৌরী খান এবং আরিয়ান খানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেছেন।
যদিও সিরিজটিতে সমির ওয়াংখেড়ের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে এতে থাকা এক এনসিবি কর্মকর্তার চরিত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, চরিত্রটির পোশাক, চালচলন ও বডি ল্যাঙ্গুয়েজ ওয়াংখেড়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যা তাকে ব্যঙ্গ করার উদ্দেশ্যেই তৈরি।

এর আগে হাইকোর্ট মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তখন ওয়াংখেড়ে এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পরিচালক হিসেবে আরিয়ান খানের অভিষেক এই সিরিজ দিয়ে হলেও, সেটি এখন বাবাকে আইনি জটিলতায় ফেলেছে। ফলে ‘দ্য ব্যাডস অব বলিউড’ শুধু নামেই নয়, বাস্তবেও খান পরিবারের জন্য কিছুটা ‘ব্যাড’ পরিস্থিতি তৈরি করেছে।