বিনোদন
মরক্কোর হারে কেঁদে ভাসালেন নোরা ফাতেহি, দিলেন ভিডিও বার্তা
চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে মরক্কোর বিদায়ে আবেগে ভেঙে পড়েছেন জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর স্টেডিয়ামে উপস্থিত থেকেই দুঃখ প্রকাশ করেন তিনি।
মরক্কো বংশোদ্ভূত এই তারকা সামাজিক মাধ্যমে স্টেডিয়ামের আবেগঘন কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেন। নিজের দেশের বিদায়ে কষ্ট পেলেও দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেছেন নোরা।
ম্যাচ শেষে শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, আজ আমার জন্য বিশ্বকাপের যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এটি খুবই আবেগঘন একটি মুহূর্ত। মরক্কোর হারে আমি ভীষণ মর্মাহত, তবে ফ্রান্স একটি শক্তিশালী দল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে যে দারুণ খেলা দেখিয়েছে, সে জন্য আমি মরক্কো দলের প্রতি গর্বিত। যারা হৃদয় থেকে দলকে সমর্থন করেছেন, তাদের নিয়েও আমি গর্বিত।
উল্লেখ্য, ২০২২ সালের বিশ্বকাপ থেকেই মরক্কো দলের নিয়মিত সমর্থক হিসেবে পরিচিত নোরা ফাতেহি। চলতি আসরেও শুরু থেকেই দলের প্রতিটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে সমর্থন জুগিয়েছেন তিনি। এমনকি ব্রাজিলের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন এই তারকা।
এদিকে, মরক্কো দলের অধিনায়ক আশরাফ হাকিমির সঙ্গে নোরা ফাতেহির সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় জল্পনা-কল্পনা শোনা গেলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।