বিনোদন

জাতীয় পতাকার রঙে আবেদনময়ী পোশাক, সমালোচনার মুখে উর্বশী


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:১৯ পিএম

জাতীয় পতাকার রঙে আবেদনময়ী পোশাক, সমালোচনার মুখে উর্বশী
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও সাবেক সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলার পোশাক ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভারতের সুন্দরী প্রতিযোগিতার ২০২৬ সালের আসরের বিচারকের দায়িত্ব পালন করা এই অভিনেত্রীর পরনের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উর্বশী যে কাঁধ খোলা পোশাক পরেছিলেন, সেটি ভারতের জাতীয় পতাকার তিন রঙের আদলে তৈরি করা হয়। পোশাকটিতে গেরুয়া, সাদা ও সবুজ রঙের পাশাপাশি মাঝখানে নীল রঙের অশোকচক্র রাখা হয়েছিল। এর সঙ্গে ছিল সোনালি ঝালর। সাজসজ্জায় তিনি পরেছিলেন বড় হীরার কানের দুল, রুপালি চুড়ি ও ভারী আংটি।

পোশাকটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সমালোচকদের দাবি, জাতীয় পতাকার রং ও অশোকচক্র পোশাকে ব্যবহার করে দেশটির জাতীয় পতাকা ও প্রতীকের অবমাননা করা হয়েছে। অন্যদিকে সমর্থকদের মতে, উর্বশী কোনোভাবেই জাতীয় পতাকার অবমাননা করেননি; বরং আন্তর্জাতিক মঞ্চে পোশাকের মাধ্যমে নিজের দেশকে তুলে ধরেছেন।

বিতর্কের বিষয়ে উর্বশী জানান, পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে।’

এবারের আয়োজনটি উর্বশীর জন্য ছিল বিশেষ আবেগেরও। ২০১৫ সালে তৎকালীন সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী সুস্মিতা সেনের হাত থেকেই মুকুট পরেছিলেন তিনি।

এক দশক পর একই প্রতিযোগিতার বিচারক হিসেবে সুস্মিতা সেনের পাশে বসে দায়িত্ব পালন করেন উর্বশী। এ সময় তিনি তার সাবেক পরামর্শদাতা ও ভারতের অন্যতম আলোচিত সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী সুস্মিতা সেনের অবদানের কথাও বিশেষভাবে স্মরণ করেন।