বিনোদন

২৩ বছর পর ভিডিও প্রকাশ করে অভিনেত্রী বললেন ‘আমি বেঁচে আছি’


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম

২৩ বছর পর ভিডিও প্রকাশ করে অভিনেত্রী বললেন ‘আমি বেঁচে আছি’
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় হরর সিনেমা ‘রাজ’-এ অল্প সময়ের উপস্থিতিতেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী মালিনী শর্মা। বিশেষ করে ‘আপকে পেয়ার মে’ গানের দৃশ্যে তার উপস্থিতি এখনও অনেকের স্মৃতিতে রয়েছে। তবে সিনেমাটি মুক্তির পর ধীরে ধীরে অভিনয় জগত থেকে নিজেকে আড়ালে সরিয়ে নেন তিনি।

এরপর দীর্ঘ ২৩ বছর তাকে ক্যামেরার সামনে দেখা যায়নি। এবার নতুন পরিচয়ে সামনে এসেছেন মালিনী। অভিনয়ে ফেরার বদলে নিজের বর্তমান জীবনযাপন ও প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক তুলে ধরছেন ভিডিওর মাধ্যমে।

বর্তমানে ভারতের মহারাষ্ট্রের সাহ্যাদ্রি পাহাড়ি এলাকায়, পুনে থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে একটি ফার্মস্টে পরিচালনা করছেন মালিনী। সেখানে নিজের হাতে সবজি চাষের পাশাপাশি খামারে উৎপাদিত উপকরণ দিয়ে অতিথিদের জন্য খাবারও তৈরি করেন তিনি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২০২০ সালের দিকে সাহ্যাদ্রি এলাকায় বসবাস শুরু করেন মালিনী। পাশাপাশি ‘দ্য স্লো লোকাল’ নামে একটি উদ্যোগ পরিচালনা করছেন তিনি। খাবার, কারুশিল্প, কর্মশালা এবং প্রকৃতিনির্ভর জীবনযাপনকে কেন্দ্র করে গড়ে উঠেছে তার এই উদ্যোগ।

নিজের ভিডিও ডায়েরি ‘দ্য স্লো লোকাল ডায়েরিস’-এর পরিচয় করিয়ে দিতে গিয়ে মালিনী বলেন, যারা ভাবছেন তিনি কোথায় হারিয়ে গিয়েছিলেন, তাদের জানাতে চান—‘আমি বেঁচে আছি। আমি এখানে আছি।’

বর্তমানে তার জীবনের গল্পে নেই মেকআপ, সংলাপ কিংবা শুটিং সেট। বরং ক্যামেরায় উঠে আসছে ফার্মের দৈনন্দিন জীবন, চাষাবাদ, রান্না এবং প্রকৃতির সঙ্গে তার সময় কাটানোর দৃশ্য। ঘরে তৈরি রুটি, গ্র্যানোলা, জ্যাম, কফি ও তেলের মতো বিভিন্ন পণ্য নিয়েও কাজ করেছেন তিনি।

পরে শহুরে ব্যস্ততা থেকে দূরে গিয়ে সাহ্যাদ্রির পাহাড়ে নিজের ফার্মস্টে গড়ে তোলেন মালিনী। ফার্মের একটি অংশে থাকা প্রাকৃতিক বনও অক্ষত রেখেছেন তিনি। নিজের ভাষায়, সেটি তাদের ‘ছোট্ট বন’।

‘রাজ’ সিনেমার পরপরই অবশ্য পুরোপুরি অভিনয় ছেড়ে দেননি মালিনী। অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পেছনের কাজেও আগ্রহী হয়ে ওঠেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী সময়ে তিনি শিল্প নির্দেশনার কাজের সঙ্গেও যুক্ত ছিলেন।

তবে পরবর্তীতে ব্যক্তিগত জীবন, পরিবার ও সন্তানদের ঘিরে তার অগ্রাধিকার বদলে যায়। ধীরে ধীরে মূলধারার বিনোদনজগত থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। দীর্ঘ বিরতির পর এবার নিজের পছন্দের জীবনযাপন নিয়েই দর্শকের সামনে ফিরেছেন এই অভিনেত্রী।