বিনোদন

শাকিব খানের ‘মেগাস্টার’ উপাধি নিয়ে আপত্তি জাহিদ হাসানের!


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১০:৩৯ পিএম

শাকিব খানের ‘মেগাস্টার’ উপাধি নিয়ে আপত্তি জাহিদ হাসানের!
অভিনেতা জাহিদ হাসান ও শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানকে ঘিরে ‘মেগাস্টার’ উপাধি ব্যবহার নিয়ে এবার মুখ খুললেন দেশের খ্যাতিমান অভিনেতা জাহিদ হাসান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শাকিব খান তো একজন অভিনেতা, তাকে আগে থেকেই একটা বিশেষ ট্যাগ দিয়ে দেওয়া হয়—এটা কানে লাগে।”

সম্প্রতি ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে অন্যতম ছিল শাকিব খানের ‘তাণ্ডব’ ও জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’। বক্স অফিসে চতুর্থ সপ্তাহেও দাপট দেখাচ্ছে ‘উৎসব’, যেখানে অনেক হলে থেকে ‘তাণ্ডব’ ইতোমধ্যে নামিয়ে নেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটেই এক গণমাধ্যমের লাইভ টক শোতে জাহিদ হাসান শাকিব খানকে ‘মেগাস্টার’ বলা নিয়ে তার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন।

তিনি বলেন, “আমাদের এখানে তাকে শুধু শাকিব খান বলা হয় না, বলা হয় ‘মেগাস্টার শাকিব খান’। অন্য সবাই থাকে কেবল ‘চিত্রনায়ক’ পরিচয়ে। কেন এমন বিভাজন হবে? আমি বুঝি না। এমন শব্দচয়ন শাকিবের জন্য ভালো না খারাপ, তা বলতে পারি না, তবে শব্দটা আমার কানে লাগে।”

ঈদের সিনেমা ঘিরে আলোচনার সময় জাহিদ হাসান আরও বলেন, “সব সিনেমা আমাদের। ঈদে যে ছবিগুলো মুক্তি পেয়েছে—‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘এশা মার্ডার’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’—সবাই মিলে এগুলোকে সাপোর্ট করা উচিত। দর্শক দেখলে সিনেমা টিকবে। এখানে কেউ একা নায়ক না, চলচ্চিত্র শিল্পটা আমাদের সবার।”

শাকিব খানের সিনেমা ঈদে বেশি হলে মুক্তি পাওয়ার প্রসঙ্গে অভিনেতা জাহিদ হাসান বলেন, “শেক্‌সপিয়ারের একটা কথা আছে—‘কোনো কিছু হওয়া বড় কথা নয়, হয়ে থাকা বড় কথা’। এতগুলো হলে যাওয়া একটা সিনেমার জন্য সম্মানজনক। কিন্তু পরে যদি সেসব হল থেকে নামিয়ে ফেলা হয়, সেটা তো লজ্জার বিষয়।”

সবশেষে জাহিদ হাসান প্রত্যাশা প্রকাশ করেন, “আমরা চাই প্রতিটি ভালো সিনেমা সফল হোক। আমাদের চলচ্চিত্র বাঁচাতে হলে একে অন্যের কাজকে সম্মান করতে হবে, সহযোগিতা করতে হবে। অহেতুক কোনো ট্যাগ নয়, গুণ ও কাজের ভিত্তিতেই সম্মান দেওয়া উচিত।”