বিনোদন

বিয়ের পর অভিনয়কে বিদায় জানাবেন তানিয়া বৃষ্টি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৩:৪৪ পিএম

বিয়ের পর অভিনয়কে বিদায় জানাবেন তানিয়া বৃষ্টি
তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি তার অভিনয় জীবনে দর্শকদের মুগ্ধ করে চলেছেন দীর্ঘদিন ধরে। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে সরব উপস্থিতি দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন প্রতিশ্রুতিশীল অভিনেত্রী ও মডেল হিসেবে। তবে এবার তিনি জানালেন ভিন্ন এক সিদ্ধান্তের কথা—বিয়ের পর আর অভিনয়ে দেখা যাবে না তাকে।

সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তানিয়া জানান, ব্যক্তিগত জীবন ও পেশাদার জীবন একসঙ্গে চালিয়ে যাওয়া বেশ চ্যালেঞ্জিং। তার ভাষায়, “আমি মনে করি সংসার জীবন ও ক্যারিয়ার একসঙ্গে সামলানো খুব কঠিন। তাই যখনই বিয়ে করব, অভিনয় ছেড়ে দেব। পরিবারকে সময় দিতেই বেশি আগ্রহী থাকব।”

tania brishty1_Dhakaprokash.jpg
তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

অভিনয়ের মাঠে আপাতত আরও পাঁচ বছর সক্রিয় থাকতে চান তিনি। এরপর বিয়ে করে পরিবারকেই প্রাধান্য দিতে চান। তানিয়ার ইচ্ছা রয়েছে বিদেশে স্থায়ী হওয়ারও।

বিয়ে নিয়ে সরাসরি কোনো পরিকল্পনার কথা না জানালেও তিনি বলেন, ভালো একজন সঙ্গী পেলে এবং মানসিকভাবে প্রস্তুত থাকলে তবেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখবেন। উল্লেখ্য, ২০১৭ সালে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন, তবে এক বছরের মধ্যেই সেই সম্পর্কের ইতি ঘটে।

tania brishty2_Dhakaprokash.jpg

এক সময় অভিনেতা আরশ খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন উঠলেও, তানিয়া তা সাফ জানিয়ে দিয়েছেন—“এসব গুজব, এর কোনো সত্যতা নেই।”

‘প্রেম প্রেম খেলা খেলা’, ‘সীমানা’, ‘বেইলি রোড’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয়ের মাধ্যমে তানিয়া বৃষ্টি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও তার নিয়মিত উপস্থিতি তাকে শিল্পী হিসেবে আরও বৈচিত্র্যময় করে তুলেছে।