বিনোদন

জাতির শ্রেষ্ঠ সন্তানদের রাজনীতির ঊর্ধ্বে সম্মান জানানো উচিত: শাকিব খান (ভিডিও)


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৬:৩৭ পিএম

জাতির শ্রেষ্ঠ সন্তানদের রাজনীতির ঊর্ধ্বে সম্মান জানানো উচিত: শাকিব খান (ভিডিও)
শাকিব খান। ছবি: সংগৃহীত

গত ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। তবে ওই পোস্ট ঘিরে সামাজিক ও রাজনৈতিক মহলে কিছু সমালোচনার জন্ম হয়। অবশেষে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেতা।

এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শাকিব খান বলেন, “আমাদের দেশের সব সেক্টরে সংস্কার চলছে। আশা করি, চিন্তা-ভাবনাতেও সেই সংস্কারের ছাপ পড়বে। যে কেউ, যে দলেই থাকুক না কেন—জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের সম্মান থাকা উচিত। তাদের ত্যাগ কোনো রাজনৈতিক ব্যানারের মধ্যে সীমাবদ্ধ থাকা ঠিক নয়।”

তিনি আরও বলেন, “দুঃখজনক হলেও সত্য, আমাদের এই জাতীয় বীরদের নাম এবং ত্যাগ অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। অথচ, দেশের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের সম্মান দেখানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। তারা কোনো দলের নয়—তারা পুরো জাতির।”

shakib khan1_Dhakaprokash.jpg

রাজনীতিতে সম্পৃক্ত না থাকার বিষয়টি আবারও স্পষ্ট করে শাকিব খান জানান, “আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না, কোনো পদও নেই আমার। বরং সময়-সময় বিভিন্ন দলের পক্ষ থেকে প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি সব সময় সিনেমা ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন, “রাজনীতি থেকে কোনো সুবিধা নিইনি। বরং পলিটিক্যাল চাপের কারণে আমার ব্যক্তি ও পেশাগত জীবনে বাধাও এসেছে, যেটা মিডিয়ার মাধ্যমেই অনেকে জানেন। তবে আমি কখনো এসব নিয়ে নেতিবাচক মন্তব্য করিনি।”

শেষে শাকিব খান বলেন, “আমি আমার কাজ ও কথার মাধ্যমে সব সময় দেশের মানুষকে ভালোবাসার চেষ্টা করেছি। সম্প্রতি দেওয়া আমার ফেসবুক পোস্টের উদ্দেশ্য ছিল কেবল শ্রদ্ধা জানানো, কাউকে আঘাত করা নয়। বিভাজনের রাজনীতির চেয়ে ঐক্যের বার্তাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।”