বিনোদন
কুষ্টিয়ার খোকসায় বিএনপির অনুষ্ঠানে অপু বিশ্বাস, ক্ষুব্ধ শীর্ষ নেতারা
চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কেন্দ্র করে কুষ্টিয়ার খোকসায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়। এক সময় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেয়া এই অভিনেত্রীকে এবার দেখা গেল বিএনপির ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে। আর এতেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খোকসা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও চিত্রনায়ক নিরব হোসেন।
স্থানীয় বিএনপি নেতা ও খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে এ অনুষ্ঠানে অংশ নেন তারা। জনসমাগমও ছিল চোখে পড়ার মতো। অপু বিশ্বাস মঞ্চে উঠে বক্তব্যও দেন। তিনি বলেন, “আমি একজন শিল্পী, সেই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। আপনাদের সঙ্গেও সেই ভালোবাসার সম্পর্ক গড়তে এসেছি।”
তিনি আরও বলেন, “বগুড়ার মেয়ে হয়েও আগে কখনো খোকসা আসা হয়নি। আজকে সেই সুযোগ করে দিয়েছেন আমার বড়ভাই রিপন ভাই। আমি চাই, আপনারা তাকে সুযোগ দেবেন আপনাদের সেবা করার জন্য।”
চিত্রনায়ক নিরব তার বক্তব্যে বলেন, “আমি সিনেমার মানুষ, রাজনীতি করি না। তবে আজ এখানে এসেছি শুধু আপনাদের আমন্ত্রণে। আশা করি, আপনারা যিনি আপনাদের পাশে থাকতে চান— সেই রিপন ভাইয়ের পাশে থাকবেন।”
তবে এই আয়োজন ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। কারণ, খোকসা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে— এই আয়োজনের সাথে দলীয় কোনো সম্পর্ক নেই। বিএনপির ব্যানার ব্যবহার করে রিপন হোসেন ‘ব্যক্তিগতভাবে’ এই আয়োজন করেছেন বলে দাবি করেছে তারা।
বিবৃতিতে বলা হয়, “খোকসা উপজেলা ও পৌর বিএনপির কোনো নেতা বা কর্মী এই অনুষ্ঠানে সম্পৃক্ত ছিলেন না। আমরা এই ব্যক্তিগত আয়োজনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।” বিবৃতিটি দেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহ. আনিস-উজ-জামান।
প্রসঙ্গত, অতীতে অপু বিশ্বাসকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে দেখা গেছে। তিনি সংরক্ষিত আসনে সংসদ সদস্য পদপ্রার্থীও ছিলেন বলে জানা যায়। এমন একজনকে বিএনপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে অতিথি করা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।