বিনোদন
আবারও প্রেমের গুঞ্জন: মাহি–জায়েদ জুটি নিয়ে মুখ খুললেন অভিনেতা
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সন্তানকে নিয়ে দেশ ছাড়ার পর থেকেই তাকে নিয়ে নতুন করে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানকার একটি সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি তিনি আয়োজন করেন ঘরোয়া কিছু অনুষ্ঠান, যেখানে দেশের তারকাদের উপস্থিতি দেখা যায় নিয়মিত।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে পাশাপাশি বসে হাসি-খুশি মুহূর্তে দেখা যায় মাহি ও জায়েদকে। মুহূর্তের সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের পুরনো প্রেমের গুঞ্জন। ঢালিউডে একসময় কান পাতলেই শোনা যেত মাহি–জায়েদের সম্পর্কের খবর। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই আলোচনা মিলিয়ে যায়। মাহি বিয়ে করে সংসার জীবনে স্থিত হতে চাইলেও তা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়।
এবার আবারও দূর আমেরিকায় একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে প্রশ্ন উঠছে—‘তাহলে কী পুরনো প্রেম আবার রঙিন হয়ে উঠছে?’ সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে নানা জল্পনা।
তবে বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলেছেন জায়েদ খান। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “মাহির সঙ্গে প্রেমের খবর ভুয়া। এসব নিয়ে কথা বলার মতোও কিছু নাই।” তিনি আরও জানান, কেবল একটি ঘরোয়া অনুষ্ঠানে দেখা হয়েছিল মাহির সঙ্গে, এর বেশি কিছু নয়। মাহি শুধু তার সহকর্মী এবং বন্ধু।
মাহি ও জায়েদ—দুজনেই এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে তাদের ঘিরে নতুন করে যে গুঞ্জন ছড়িয়েছে, সেটি কতটা বাস্তব আর কতটা নিছক জল্পনা—তা সময়ই বলে দেবে।