বিনোদন

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘দৃষ্টিকটু’ পোশাক, ক্ষোভে ফুঁসছেন অভিনেত্রী মুক্তি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘দৃষ্টিকটু’ পোশাক, ক্ষোভে ফুঁসছেন অভিনেত্রী মুক্তি
ছবি: সংগৃহীত

সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়া এক নারী মডেলের পোশাক ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। অনুষ্ঠানের কয়েক সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে সেটি নিয়ে চলছে সমালোচনার ঝড়। মডেলটির পরনে থাকা পোশাককে অনেকে ‘অশালীন’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করছেন।

এই ভিডিওর একটি স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করে প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। নিজের ফেসবুক হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, “জানি না এদের অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়, জানার ইচ্ছাও নেই। শুধু এতটুকুই জানি, এই হলো অ্যাওয়ার্ড প্রগ্রামের অবস্থা। আমি অবশ্যই সব মহলের সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সমাজ এবং পরিবেশ রক্ষা করতে এগিয়ে আসুন। অনুরোধ রইল।”

model akhi1_Dhakaprokash.jpg

মুক্তির এই স্ট্যাটাসে অনেকেই সমর্থন জানিয়ে মন্তব্য করছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন আজকালকার তথাকথিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো আসলে কী উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে?

অভিনেত্রী রত্না কবির মন্তব্য করেছেন, “খুবই দুঃখজনক! এগুলো দেখলে লজ্জা লাগে।”

একজন অনুসারী লিখেছেন, “এখন তো আপু, অ্যাওয়ার্ড জিনিসটা একেবারে সস্তা হয়ে গেছে। কিছু প্রতিষ্ঠান আছে যারা স্বঘোষিত তারকাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পুরস্কার দিচ্ছে। এটা একধরনের বিজনেসে পরিণত হয়েছে। আর দেখা যায়, এই এক দল লোকই বারবার সব অনুষ্ঠানে পুরস্কৃত হচ্ছে।”

মুক্তির মতো আরও অনেকেই সামাজিক মাধ্যমে ওই ভিডিও ও ছবি শেয়ার করে এই ধরণের অনুষ্ঠান এবং অশালীনতা নিয়ে কঠোর সমালোচনা করছেন।
তাদের বক্তব্য, অ্যাওয়ার্ডের আড়ালে যারা সংস্কৃতিকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। এ ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান কি সত্যিই যোগ্যদের সম্মাননা দিচ্ছে, নাকি এটি কেবলই রঙিন প্রদর্শনীতে পরিণত হয়েছে? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই।