বিনোদন

অস্কারে যাচ্ছে না মেহজাবীনের সিনেমা, ক্ষোভ ঝাড়লেন স্বামী রাজীব


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম

অস্কারে যাচ্ছে না মেহজাবীনের সিনেমা, ক্ষোভ ঝাড়লেন স্বামী রাজীব
মেহজাবীন চৌধুরী ও তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব। ছবি: সংগৃহীত

অস্কারের ৯৮তম আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে ‘বাড়ির নাম শাহানা’। তবে এই সিদ্ধান্ত ঘিরে উঠেছে বিতর্ক ও হতাশার সুর। কারণ, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রশংসিত চলচ্চিত্র ‘সাবা’ জায়গা পায়নি অস্কারের দৌড়ে। আর তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন মেহজাবীনের স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব।

সম্প্রতি অস্কার বাংলাদেশ কমিটি এক সংবাদ সম্মেলনে জানায়, তারা এ বছর লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’-কে দেশের প্রতিনিধিত্বের জন্য মনোনীত করেছে। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই ছবিটি এক তালাকপ্রাপ্ত নারীর সংগ্রামী জীবনের গল্পকে কেন্দ্র করে তৈরি, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা।

mehzabin_Dhakaprokash.jpg

অন্যদিকে, মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’, যেটি মাকসুদ হোসেন পরিচালিত এবং সম্প্রতি মুক্তি পেয়েছে, আন্তর্জাতিকভাবে বেশ কিছু উৎসবে প্রশংসিত হয়েছে, এমনকি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে। তবে অস্কারে তা বিবেচনায় না নেওয়ায় সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন রাজীব।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন- ‘‘একটি চলচ্চিত্র যখন আন্তর্জাতিক স্বীকৃতি পায়, আর দেশের অস্কার কমিটি সেটিকে গুরুত্ব না দিয়ে অন্য একটি সিনেমাকে বেছে নেয়, তখন প্রশ্ন জাগে তাদের যোগ্যতা ও উদ্দেশ্য নিয়ে। ‘বাড়ির নাম শাহানা’ ভালো ছবি হতে পারে, কিন্তু অস্কারে শক্তিশালী প্রতিনিধিত্বের জন্য ‘সাবা’ ছিল আরও যোগ্য।’’

mehzabin_razib1_Dhakaprokash.jpg

তিনি আরও বলেন, ‘‘আমাদের অনেক কমিটিই প্রকৃত শিল্প-সংস্কৃতির চেয়ে ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দেয়। এজন্যই আমরা আজও তৃতীয় বিশ্বের দেশের মানসিকতা থেকে বের হতে পারিনি।’’

এই মন্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। তিনি রাজীবের পোস্টে মন্তব্য করে জানান, ‘‘আমি একমত। ব্যক্তিগতভাবে আমার কাছেও ‘সাবা’ ছবিটি বেশি ভালো লেগেছে।’’