বিনোদন

প্রিয়তমা’র পর শাকিব খানের কোনো সিনেমাই হিট হয়নি, দাবি ইকবালের


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম

প্রিয়তমা’র পর শাকিব খানের কোনো সিনেমাই হিট হয়নি, দাবি ইকবালের
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত প্রযোজক ও নির্মাতা মো. ইকবাল দাবি করেছেন, শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার পর তার আর কোনো ছবি ব্যবসায়িক সফলতা পায়নি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রিয়তমা’র যে মুনাফা হয়েছিল, সেটা ‘রাজকুমার’ দিয়ে হারিয়ে গেছে।”

ইকবাল বলেন, “শাকিবকে নিয়ে ইন্ডাস্ট্রিতে যে হাইপ তোলা হয়, তা আসলে সাজানো। ‘প্রিয়তমা’র পর তার একটি ছবিও ব্যবসা করেনি। অথচ ইউটিউব-ফেসবুকের কিছু গ্রুপকে টাকা দিয়ে প্রচারণা চালানো হয়, সেই আওয়াজে অনেকেই ভুল বুঝে।”

priotoma1_Dhakaprokash.jpg

তার ভাষ্য, “ফার্স্ট ক্লাস নামধারী কিছু পরিচালক হিন্দি, তামিল ও তেলেগু ছবি থেকে অংশ কপি করে সিনেমা বানান। তারপর বড় বড় প্রচারণা চালিয়ে বোঝাতে চান যে নতুন কিছু বানানো হয়েছে। কিন্তু দর্শক বোঝে এগুলো আসলে কী। এতে কিছু টাকা উঠলেও প্রকৃত অর্থে ব্যবসা করে না।”

দেশে একাধিক তারকা নায়ক তৈরি না হওয়ার পেছনে চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু লোকের চাটুকারিতা দায়ী বলেও মনে করেন ইকবাল। তিনি বলেন, “চামচামি করে কিছু পরিচালক শাকিবকে সামনে রেখে চলেন। এর ফলে দীর্ঘদিন ইন্ডাস্ট্রি এক নায়কের ওপর নির্ভর হয়ে পড়েছে। যদি পরিবেশটা মুক্ত হতো, অনেক নতুন নায়ক উঠে আসতো।”

বর্তমান দেশের অবস্থান বিবেচনায় চলচ্চিত্র নির্মাণে সময় নিচ্ছেন বলেও জানান ইকবাল। তিনি বলেন, “আমি অনন্ত জলিলকে নিয়ে একটি সিনেমা বানাবো, কাজও অনেকদূর এগিয়েছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পুরোপুরি শুরু করবো।”

priotoma2_Dhakaprokash.jpg

বর্তমানে দেশের অনেক চিত্রনায়ক বিদেশে অবস্থান করছেন। তবে এতে ইন্ডাস্ট্রির খুব একটা ক্ষতি হচ্ছে না বলে মনে করেন ইকবাল। “গত ১৫ বছরে যারা তেমন অবদান রাখেনি, তাদের বিদেশে থাকা ইন্ডাস্ট্রির জন্য কোনো বড় ক্ষতি নয়,” মন্তব্য করেন তিনি।

বর্তমানে সিনেমা হল সংকটের কথাও উল্লেখ করেন ইকবাল। তিনি বলেন, “যেখানে মণিহারের মতো সিনেমা হল বন্ধ হয়ে গেছে, সেখানে বড় বাজেটের সিনেমা বানিয়ে মুনাফা আশা করা বাস্তবসম্মত নয়। শাকিব খানকে নিয়ে নতুন যে ছবিগুলো তৈরি হচ্ছে, সেগুলোর ব্যবসা নিয়েও সন্দেহ আছে।”