বিনোদন
পূর্ণিমার দাম্পত্যে ভাঙন, ববির নতুন বিয়ের গুঞ্জনে সরগরম বিনোদনজগৎ
বাংলাদেশের বিনোদনজগতে প্রেম, বিয়ে আর বিচ্ছেদের খবর যেন এক চিরচেনা গল্প। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তারকাদের ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্ত-দর্শকদের। সম্প্রতি চিত্রনায়িকা পূর্ণিমা ও ইয়ামিন হক ববিকে ঘিরে ছড়িয়ে পড়েছে এমন কিছু গুঞ্জন, যা এখন বিনোদন মহলে বেশ আলোচিত।
চিত্রনায়িকা পূর্ণিমা ২০২২ সালে বেসরকারি চাকরিজীবী আশফাকুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ তিন বছরের সংসারজীবনে দুজনকে নিয়ে তেমন কোনো বিতর্ক শোনা না গেলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও চলচ্চিত্রপাড়ায় কানাঘুষা শুরু হয়েছে—তাঁদের সম্পর্ক নাকি টানাপোড়েনে রয়েছে। কেউ কেউ এমনও দাবি করছেন, তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে।
গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে পূর্ণিমার এক ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট, যেখানে তিনি লিখেছেন, “মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”
এই স্ট্যাটাস প্রকাশের পর থেকেই শুরু হয় নানা আলোচনা। অনেকেই ধরে নেন, এই বার্তাটি সম্ভবত তাঁর দাম্পত্য জীবনের প্রতি ইঙ্গিত বহন করছে।
তবে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর গত বুধবার পূর্ণিমা স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে দেখা গেছে স্বামীর হাত ধরে একটি রেস্তোরাঁয় বসে থাকতে। এতে অনেকেই মনে করছেন, ছবিটি পোস্ট করে তিনি হয়তো বিচ্ছেদের গুঞ্জনের জবাব দিয়েছেন। তবে এখনো বিষয়টি নিয়ে মুখ খোলেননি এই জনপ্রিয় অভিনেত্রী।
নব্বই দশকের শেষ দিকে ঢালিউডে অভিষেক ঘটে পূর্ণিমার। সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পায় তাঁর অভিনীত সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে গাঙচিল ও জ্যাম নামের দুটি চলচ্চিত্র।
অন্যদিকে চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরেও চলছে নতুন গুঞ্জন। জানা গেছে, প্রযোজক ও পরিচালক সাকিব সনেটের সঙ্গে দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক নাকি ইতিমধ্যেই ভেঙে গেছে। একসময় নানা অনুষ্ঠানে একসঙ্গে হাজির হওয়া এই জুটি এখন আর একে অপরের সংস্পর্শে নেই। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও উধাও তাঁদের যুগল ছবি।
এদিকে সম্প্রতি গুঞ্জন উঠেছে, এক ব্যবসায়ীকে নাকি বিয়ে করেছেন ববি। সেই ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর কয়েকটি সংবাদে তাঁকে ববির ‘কথিত স্বামী’ বলে উল্লেখ করা হয়। তবে ববি বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তিনি জানান, ওই ব্যবসায়ীকে তিনি বিয়ে করেননি। পাশাপাশি সাকিব সনেটের সঙ্গে বিচ্ছেদের কথাও স্বীকার করেছেন তিনি। ববির ভাষায়, “আমি এখন একা, কারও সঙ্গে প্রেম করছি না।”
ববি ও সাকিবের প্রেমের শুরু হয় নোলক সিনেমার শুটিংয়ের সময়। প্রথম দিকে বিষয়টি গোপন থাকলেও পরে নিজেরাই সম্পর্কের কথা প্রকাশ করেন। ২০২৩ সালে বিয়ের পরিকল্পনাও করেছিলেন তাঁরা, তবে শেষ পর্যন্ত সে স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি।
বর্তমানে ববি ব্যস্ত তছনছ নামের নতুন সিনেমার শুটিং নিয়ে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন মুন্না খান। ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম।
সূত্র: প্রথম আলো