বিনোদন

স্ট্রোক করেছেন অভিনেতা হাসান মাসুদ, হাসপাতালে ভর্তি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম

স্ট্রোক করেছেন অভিনেতা হাসান মাসুদ, হাসপাতালে ভর্তি
অভিনেতা হাসান মাসুদ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতের দিকে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং একই সঙ্গে মাইল্ড হার্ট অ্যাটাকও করেছেন।

হাসপাতালের সূত্রে জানা যায়, “হাসান মাসুদ বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। এই ধরনের রোগীদের সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরপর পরবর্তী চিকিৎসার পরিকল্পনা করা হবে।”

হাসান মাসুদ একসময় দর্শকমহলে তার নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে যথেষ্ট পরিচিত ছিলেন। তবে কিছু বছর ধরে তিনি বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি আর অভিনয়ে ফিরতে চান না এবং চাকরি খুঁজছেন। তিনি বলেন, “আমি এখন কোনো জব খুঁজছি। সেটা সাংবাদিকতা, প্রশাসনিক কাজ বা অন্য কোনো ক্ষেত্র হতে পারে। আমি চেষ্টা করছি নিজেকে পুনরায় প্রতিষ্ঠিত করতে।”

hasan_masud1_Dhakaprokash.jpg
অভিনেতা হাসান মাসুদ। ছবি: সংগৃহীত

অভিনয় ছাড়ার আগে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন হাসান। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান, ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেওয়ার পর ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২০০৪-২০০৮ পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কাজ করেছেন।

এরপর তিনি বিনোদন জগতে পা রাখেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে। পরে ‘মেড ইন বাংলাদেশ’ এবং বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করেন। উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।