বিনোদন
ধার্মিক জীবনসঙ্গী পেয়ে খুশি নায়িকা, বিয়ের পরদিনই গেলেন মক্কায়
অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানকে বিয়ে করেছেন তিনি। গত ৯ নভেম্বর পুরান ঢাকায় দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ের পরদিনই নবদম্পতি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন। ওমরাহ শেষে তারা ২৩ নভেম্বর দেশে ফিরবেন বলে জানা গেছে।

গণমাধ্যমে প্রিয়াঙ্কা বলেন, “রাকিবের সঙ্গে পরিচয় খুব বেশি দিনের নয়। তবে অল্প সময়েই বুঝতে পেরেছি, সে একজন ভীষণ ভালো মনের মানুষ। বিগত দিনে যেমন একজন জীবনসঙ্গী চেয়েছিলাম, রাকিব ঠিক তেমনই। তার বিনয় ও যত্ন আমাকে মুগ্ধ করেছে।”
তিনি আরও যোগ করেন, “বিয়ের পরদিন আমরা ওমরাহ হজে গিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে দেশে ফিরতে পারি এবং সারাজীবন সুখে-দুঃখে একসঙ্গে থাকতে পারি। ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে।”
অন্যদিকে রাকিবুল হাসান বলেন, “প্রিয়াঙ্কাকে প্রথম দেখি একটি অনুষ্ঠানে, তখনই মনে হয়েছিল- সে আমার জীবনের মানুষ হতে পারে। প্রেম নয়, পারিবারিকভাবেই বিয়ের প্রস্তাব দিই এবং আলহামদুলিল্লাহ, সেটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তাকে পেয়ে আমি খুবই আনন্দিত।”

অভিনয় ক্যারিয়ারে প্রিয়াঙ্কা জামান সর্বশেষ দেখা গিয়েছিলেন ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায়। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত কয়েকটি ছবি- মান্নান গাজীপুরীর ‘কী করে বলব তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ এবং মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’।
বিজ্ঞাপনের মাধ্যমেই প্রথম আলোচনায় আসেন প্রিয়াঙ্কা। ‘আড়ং’-এর বিলবোর্ডে তার উপস্থিতিই তাকে এনে দেয় আলাদা পরিচিতি।