বিনোদন

প্রযোজকের ‘অপেশাদার আচরণে’ ক্ষুব্ধ তমা মির্জা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

প্রযোজকের ‘অপেশাদার আচরণে’ ক্ষুব্ধ তমা মির্জা
তমা মির্জা। ছবি: সংগৃহীত

প্রায় এক যুগ আগে শুটিং শেষ হওয়া সিনেমা ‘মন বোঝে না’ হঠাৎ করেই মুক্তি পেয়েছে-কিন্তু সিনেমাটির প্রধান দুই শিল্পী আরিফিন শুভ ও তমা মির্জা পর্যন্ত জানতেন না মুক্তির খবর!

ফলে প্রচার-প্রচারণাতেও তাঁদের দেখা যায়নি। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘অপেশাদার আচরণের’ অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা তমা মির্জা।

জানা গেছে, ২০১৩ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান রোমান্টিক ঘরানার এই সিনেমার শুটিং শুরু করেছিলেন ‘লাভলী: মন বোঝে না’ নামে। কিন্তু কিছুদিন পরেই নায়ক আরিফিন শুভ ও প্রযোজকের সঙ্গে মতবিরোধ দেখা দিলে পরিচালক সোহান প্রকল্প থেকে সরে দাঁড়ান। এরপর পরিচালক হিসেবে দায়িত্ব নেন শাহাদাৎ হোসেন লিটন, কিন্তু তিনিও শেষ পর্যন্ত থাকেননি। অবশেষে, নানা জটিলতা পেরিয়ে সিনেমাটি মুক্তি পেয়েছে গত শুক্রবার ‘মন যে বোঝে না’ নামে-যার পরিচালনায় রয়েছেন আয়েশা সিদ্দিকা।

 

এত বছর পর সিনেমাটি মুক্তি পেয়ে হতাশা প্রকাশ করেছেন তমা মির্জা। তিনি বলেন, “১১ বছর আগে আমরা ছবিটির কাজ শেষ করেছি। সেই সময় অনুযায়ী এটি ছিল সময়োপযোগী একটি গল্প। অনেক পরিশ্রম ও বিনিয়োগে কাজটি করা হয়েছিল। কিন্তু এতদিন পর এই সিনেমা মুক্তি দেওয়া মানে হলো সেই সময়ের শিল্প, ভাবনা ও উপস্থাপনাকে পুরোনো করে দেওয়া। এখনকার দর্শক যখন আমাদের বর্তমান কাজের সঙ্গে তুলনা করবেন, তখন এটি সিনেমার জন্যই ক্ষতিকর হবে। ছবির ক্ষতি মানে প্রযোজকও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

 

toma-1-Dhaka Prokah News-13-11-2025.jpg
তমা মির্জা। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, “আমার মনে হয়, একটি ছবির শুটিং শেষ হওয়ার তিন বছরের মধ্যেই তা মুক্তি দেওয়া উচিত। দীর্ঘদিন পর হঠাৎ কোনো ছবি মুক্তি পেলে তার মেরিট নষ্ট হয়, এবং শিল্পীর ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব পড়ে। মানলাম, প্রযোজক তার বিনিয়োগের অর্থ উদ্ধার করতে চান—কিন্তু দর্শকের প্রত্যাশা, সময়ের পরিবর্তন ও শিল্পীর সুনামের বিষয়টি বিবেচনায় নেওয়াও জরুরি।”

তমা মির্জা প্রযোজকের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন প্রযোজকের ছবিটি মুক্তি দেওয়ার অধিকার আছে—এটা ঠিক। কিন্তু মুক্তির আগে প্রধান অভিনয়শিল্পীদের সঙ্গে কোনো আলোচনা বা মতামত নেওয়ার প্রয়োজন অনুভব না করা চরম অপেশাদার আচরণ। আমরা শিল্পীরা কেবল পর্দার মানুষ নই, ছবির মর্যাদা ও দর্শকের প্রতিক্রিয়া নিয়েও চিন্তা করি। সেসব বিবেচনা না করে হঠাৎ মুক্তি দেওয়া সত্যিই হতাশাজনক।”

উল্লেখ্য, তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’তে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।