বিনোদন
আর্জেন্টিনা হারলেও কষ্ট লাগবে না, মুসলিমদের জয় হোক: বর্ষা
বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মিশর। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। ম্যাচটি ঘিরে যখন ফুটবলপ্রেমীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে, তখন ভিন্ন এক অবস্থান নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী বর্ষা।
দীর্ঘদিন ধরেই ফুটবলে আর্জেন্টিনা এবং দলটির তারকা ফুটবলার লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত বর্ষা। তবে আজকের ম্যাচে নিজের প্রিয় দলের বিপক্ষেই অবস্থান নিয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক। আমিন।’
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ খেলাধুলার সঙ্গে ধর্মীয় বিষয়কে যুক্ত করাকে সমর্থন করেননি। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি বর্ষা।
অন্যদিকে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে ম্যাচটিতে এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকে। অপ্টার সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত সময়ে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ১ শতাংশ। মিশরের জয়ের সম্ভাবনা ১২ দশমিক ৩ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮ দশমিক ৫ শতাংশ।
উল্লেখ্য, বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। এর আগে ২০০৮ সালে কায়রোতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে দুই দলের দেখা হয়েছিল, যেখানে ২-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।