বিনোদন

ধর্ষণের অভিযোগে ভারতীয় অভিনেতা আশিস কাপুর গ্রেপ্তার


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম

ধর্ষণের অভিযোগে ভারতীয় অভিনেতা আশিস কাপুর গ্রেপ্তার
আশিস কাপুর। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়ালের অভিনেতা আশিস কাপুর ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট পুনেতে একটি হাউজ পার্টিতে ওই অভিনেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। নির্যাতিত নারী আশিস কাপুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই অবশেষে অভিনেতাকে আইনের আওতায় আনা হয়।

তবে অভিযোগ দায়েরের প্রায় তিন সপ্তাহ পর কেন গ্রেপ্তার হলো, সে প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন পুনে নর্থের পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া। তিনি জানান, অভিযোগের পর থেকেই আশিস আত্মগোপনে ছিলেন। প্রথমে তিনি গোয়ায় চলে যান, পরে পুনেতে ফিরে আসেন। পুলিশ তার গতিবিধি নজরদারিতে রাখার পর অবশেষে বুধবার তাকে আটক করতে সক্ষম হয়।

 

ovinata-1-Dhaka Prokah News-04-09-2025.jpg
আশিস কাপুর। ছবি: সংগৃহীত

এদিকে, অভিযোগকারীর বয়ানে অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। শুরুতে ওই নারী দাবি করেছিলেন, আশিস কাপুরের আয়োজিত পার্টিতে অন্য দুই ব্যক্তি তাকে ধর্ষণ করেছে। তবে অভিযোগের সাত দিন পর, অর্থাৎ ১৮ আগস্ট তিনি নতুন বয়ান দিয়ে জানান, আশিস একাই তাকে ধর্ষণ করেছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। আশিস কাপুরকে জিজ্ঞাসাবাদের পর পুরো ঘটনাটি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।