বিনোদন
তানজিন তিশার বিরুদ্ধে নারী উদ্যোক্তার লিগ্যাল নোটিশ
জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এক নারী উদ্যোক্তা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। বুধবার (২২ অক্টোবর) উদ্যোক্তা ঝিলিক নামে এক নারী তিশার বরাবর এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, তানজিন তিশা ঝিলিকের অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি পেজ প্রমোশনের শর্তে গ্রহণ করেন, তবে দীর্ঘ ১০ মাসেও সেই প্রমোশন করেননি বা শাড়ির মূল্য পরিশোধ করেননি।
নোটিশ অনুযায়ী, জানুয়ারিতে শাড়িটি গ্রহণের পর থেকে তিশা নানা অজুহাতে প্রমোশন বিলম্ব করেন এবং ছয় মাসেরও বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে তিশা তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লেখেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক।” উদ্যোক্তার দাবি, এ বক্তব্য মানহানিকর ও মিথ্যা।
আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিশে বলা হয়, সাত দিনের মধ্যে তানজিন তিশাকে শাড়ির মূল্য ও ক্ষতিপূরণ বাবদ মোট ১ লাখ টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিনেত্রীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।