বিনোদন
বিয়ে ও বিচ্ছেদ একান্তই ব্যক্তিগত, আল্লাহ চাইলে সবই হবে: প্রভা
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডা—অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। আর এই কৌতূহল যখন মাত্রা ছাড়ায়, তখনই মুখ খুললেন ছোট পর্দার এক সময়ের তুমুল জনপ্রিয় এই তারকা।
সম্প্রতি ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডায় অংশ নেন প্রভা। শুরুতেই তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং জানান, সামাজিক রীতির কারণেই এমন শুভেচ্ছা জানানো হয়, যদিও ব্যক্তিগতভাবে বিষয়টি তার খুব একটা পছন্দ নয়। তিনি বলেন, শুভকামনা যেকোনো সময়ই জানানো যায়, তবে সৌজন্য হিসেবেও অনেক কিছু করা হয়—এটা তিনি বুঝতে পারেন।
লাইভ চলাকালে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন প্রভা। কাজকর্ম ও ব্যস্ততা নিয়ে প্রশ্নে স্বাচ্ছন্দ্যবোধ করলেও ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে নিয়ে প্রশ্ন আসতে শুরু করলে বিষয়টি এড়িয়ে যেতে চান তিনি। একপর্যায়ে এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, বিয়ে, সন্তান, বিচ্ছেদ—এসব একান্তই ব্যক্তিগত বিষয়। এ ধরনের প্রশ্ন করা আসলে শালীনতার মধ্যে পড়ে না বলেও মন্তব্য করেন তিনি। প্রভা বলেন, প্রত্যেক মানুষের জীবন আলাদা, আর আল্লাহ যেদিন যা লিখে রেখেছেন, সেদিন সেটাই হবে।
উল্লেখ্য, ২০১০ সালের ১৯ আগস্ট নাট্যপরিচালক চয়নিকা চৌধুরীর ‘পালিয়ে বিয়ে’ নাটকের শুটিংয়ের পরদিন অভিনেতা অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রভা। তবে সেই সংসার বেশিদিন টেকেনি, পরে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর অনেকটাই আড়ালে চলে গেলেও, সময়ের ব্যবধানে আবারও মাঝে মধ্যে অভিনয়ে দেখা যাচ্ছে তাকে।