বিনোদন
তরুণীর সঙ্গে সুইমিংপুলে মামুনুর রশীদ, ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল
সুইমিংপুলের নীল পানিতে পা ডুবিয়ে বসে আছেন বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ। পাশে বয়সে অনেক ছোট তরুণী প্রিসিলা ডি কস্তা। একপর্যায়ে মামুনুর রশীদকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজ দেন প্রিসিলা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবি ঘিরে শুরু হয় নানা আলোচনা ও কৌতূহল।
সম্প্রতি ছবিগুলো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন প্রিসিলা ডি কস্তা। এরপর দ্রুতই ছবিগুলো ছড়িয়ে পড়লে অনেকেই প্রশ্ন তোলেন, মামুনুর রশীদ কি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কিংবা আবারও বিয়ে করেছেন?
তবে ভাইরাল হওয়া ছবির নেপথ্যের ঘটনা সম্পূর্ণ ভিন্ন। বাস্তব জীবনে নতুন কোনো সম্পর্কে জড়াননি মামুনুর রশীদ, বিয়েও করেননি। ছবিগুলো মূলত একটি ধারাবাহিক নাটকের দৃশ্য ধারণের সময় তোলা।
নাটকটির নাম ‘আমরা ভাইরাল’। আল আমিন স্বপনের গল্পে এটি নির্মাণ করেছেন সাজিন আহমেদ বাবু। নাটকটির গল্পে সাম্প্রতিক সময়ে আলোচিত ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন চরিত্রের ছায়া তুলে ধরা হয়েছে।
নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। তার বিপরীতে রয়েছেন প্রিসিলা ডি কস্তা। গল্পে মামুনুর রশীদের চরিত্রটি নিজের চেয়ে অনেক কম বয়সী এক তরুণীর প্রেমে পড়েন। পরে পরিবারের আপত্তি উপেক্ষা করে ওই তরুণী তার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বিভিন্ন ধরনের বিষয় নিয়ে প্রচার চালাতে থাকেন।
নির্মাতা সাজিন আহমেদ বাবু জানান, সুইমিংপুলে মামুনুর রশীদ ও প্রিসিলার যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটি তার নির্মিত নাটকের একটি দৃশ্য। ছবিটি নিয়ে কয়েক দিন ধরে নেতিবাচক আলোচনা হওয়ায় তিনি বিস্মিত। তার মতে, ছবিটির নেপথ্যের ঘটনা না জেনেই অনেকে নানা মন্তব্য করছেন।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, সমাজে আলোচিত ও সমালোচিত বিভিন্ন ভাইরাল চরিত্রকে কেন্দ্র করেই নাটকটি নির্মাণ করা হয়েছে। এতে তরুণ ও অভিজ্ঞ দুই প্রজন্মের শিল্পীরা অভিনয় করেছেন। হাস্যরসের পাশাপাশি নাটকটিতে সামাজিক নানা বিষয়ও তুলে ধরা হয়েছে।
মামুনুর রশীদ বলেন, নাটকটির গল্প বেশ ভিন্নধর্মী। হাস্যরসের মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি পরিচিত কিছু সামাজিক বিষয়কে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। অনেক দিন পর এমন একটি গল্পে অভিনয় করে তিনি আশাবাদী, দর্শক নাটকটি উপভোগ করবেন এবং এর সামাজিক বক্তব্যও গ্রহণ করবেন।
‘আমরা ভাইরাল’ নাটকের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।