বিনোদন
ট্রাম্পের হাত থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি টম ক্রুজের
কেনেডি সেন্টার অনার ২০২৫–এ সম্মানিতদের তালিকায় নাম উঠলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে সেই পুরস্কার নিতে রাজি নন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সময়সূচির জটিলতার’ কারণ দেখিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন তিনি।
কেনেডি সেন্টারের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তা জানান, কেবল সময়সূচির কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন টম ক্রুজ। তবে এ নিয়ে তার মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

এবারের পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আছেন আরও কয়েকজন খ্যাতিমান শিল্পী—অভিনেতা সিলভেস্টার স্ট্যালন, কান্ট্রি মিউজিক তারকা জর্জ স্ট্রেইট, ডিস্কো তারকা গ্লোরিয়া গেনর, রক ব্যান্ড কিস এবং ব্রিটিশ নাট্যকর্মী মাইকেল ক্রফোর্ড, যিনি ‘ফ্যান্টম অব দ্য অপেরা’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পান।
আগামী ৭ ডিসেম্বর কেনেডি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং তা সরাসরি সম্প্রচার করবে সিবিএস টেলিভিশন। বিশেষভাবে এবারের আসরটি নিজেই সঞ্চালনা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
১৯৭১ সালে যাত্রা শুরু করা কেনেডি সেন্টার যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ পারফর্মিং আর্টস ভেন্যু, যা দীর্ঘদিন ধরে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের সমান সমর্থন পেয়ে আসছে।