বিনোদন
প্রায় ২০ বছরের দাম্পত্যে ইতি টানলেন নিকোল কিডম্যান ও কিথ আরবান
দীর্ঘ প্রায় দুই দশকের সম্পর্কের পর বিচ্ছেদের পথ বেছে নিলেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও অস্ট্রেলীয় কান্ট্রি সংগীতশিল্পী কিথ আরবান। ২০০৬ সালে বিয়ে করা এই তারকা জুটি আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেছেন বলে জানিয়েছে পিপল ম্যাগাজিন।
অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান বর্তমানে ৫৮ বছর বয়সে পা রেখেছেন, আর কিথ আরবানের বয়স ৫৭। তাদের সংসারে রয়েছে দুই কন্যা সানডে রোজ (১৭) ও ফেইথ মার্গারেট (১৪)।
সূত্র জানিয়েছে, বিচ্ছেদের সিদ্ধান্তটি একতরফা ছিল না, তবে নিকোল চেয়েছিলেন সম্পর্কটা আরও কিছুটা সময় ধরে রাখতে। এই কঠিন সময়ে তার সবচেয়ে বড় সাপোর্ট হয়ে পাশে আছেন বড় বোন আন্টনিয়া কিডম্যান।

প্রথমে টিএমজেড-এর প্রতিবেদনে বিচ্ছেদের খবর উঠে এলেও, পরে পিপল ম্যাগাজিন তা নিশ্চিত করে। জানা গেছে, গ্রীষ্মের শুরু থেকেই নিকোল ও কিথ আলাদা বসবাস করছেন। যদিও গত ২৫ জুন নিজেদের বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রামে কিথের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে নিকোল লিখেছিলেন, "শুভ বার্ষিকী সোনা"—যা দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, সব ঠিকঠাকই চলছে।
নিকোল কিডম্যান এর আগে টম ক্রুজের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কের পর কিথ আরবানের সঙ্গেই তিনি খুঁজে পেয়েছিলেন ‘ভালোবাসা’ ও ‘আত্মিক আশ্রয়’—এমনটাই জানিয়েছিলেন বহু সাক্ষাৎকারে।
বর্তমানে নিকোল ব্যস্ত সময় কাটাচ্ছেন পরিবার ও নিজের কাজ নিয়ে। সদ্য লন্ডনে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’-এর শুটিং শেষ করেছেন তিনি এবং ইনস্টাগ্রামে কন্যাদের সঙ্গে ছুটির কিছু মুহূর্তও শেয়ার করেছেন। অন্যদিকে, কিথ আরবান বর্তমানে যুক্তরাষ্ট্রে সংগীত সফরে আছেন। তার পরবর্তী কনসার্ট অনুষ্ঠিত হবে ২ অক্টোবর, পেনসিলভেনিয়ায়।