বিনোদন
লুকোচুরি নয়, এবার প্রকাশ্যেই কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর প্রেম
দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এতদিন যেটি ছিল শুধুই কানাঘুষা, এখন তা রূপ নিয়েছে বাস্তবে। প্রকাশ্যে নিজেদের সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন এ তারকা জুটি।
মার্কিন বিনোদন ট্যাবলয়েড টিএমজেড জানিয়েছে, গত শনিবার (২৫ অক্টোবর) রাতে কেটি পেরির ৪১তম জন্মদিন উপলক্ষে প্যারিসের বিখ্যাত ক্যাবারে থিয়েটার ‘ক্রেজি হর্স প্যারিস’-এ একসঙ্গে হাজির হন ট্রুডো ও কেটি। এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক ডেট হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।
পরদিন (২৬ অক্টোবর) টিএমজেডের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, শো শেষে দুজন হাত ধরাধরি করে থিয়েটার থেকে বের হচ্ছেন। বাইরে অপেক্ষমাণ ভক্তদের মধ্যে একজন কেটিকে একটি লাল গোলাপ উপহার দেন ও জন্মদিনের শুভেচ্ছা জানান। সেই মুহূর্তেই ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়ে তাদের হাস্যোজ্জ্বল মুখ, যা দ্রুত ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।
তাদের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। গত জুলাইয়েই মন্ট্রিয়েলের এক রেস্টুরেন্টে রাতের খাবার খেতে দেখা গিয়েছিল কেটি ও ট্রুডোকে। এরপর মাউন্ট রয়্যাল পার্কে দুজনকে একসঙ্গে হাঁটাহাঁটি করতে দেখা যায়। আগস্টে কেটির ‘লাইফটাইমস’ ট্যুরের মন্ট্রিয়েল কনসার্টেও উপস্থিত ছিলেন ট্রুডো, যা তখন থেকেই তাদের ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার উপকূলে কেটির ব্যক্তিগত ইয়টে দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ পেলে আলোচনার ঝড় ওঠে। আর টিএমজেডের সর্বশেষ ভিডিও প্রকাশের পর তাদের প্রেম নিয়ে আর কোনো সংশয়ের অবকাশ রইল না। এখন সবাই বলছে— লুকোচুরি নয়, কেটি ও ট্রুডো এখন প্রকাশ্য প্রেমে মজে আছেন।
উল্লেখ্য, পপ তারকা কেটি পেরি তার জনপ্রিয় গান ‘Firework’ ও ‘Roar’-এর জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। সম্প্রতি তিনি তার নতুন অ্যালবামের কাজ শেষ করেছেন।
অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর রাজনৈতিক ব্যস্ততা থেকে বিরতি নিয়ে ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।