বিনোদন
ইশরাকের বিপরীতে মেয়র পদে লড়তে চান হিরো আলম
বগুড়ার আলোচিত ডিশ ব্যবসায়ী থেকে দেশের পরিচিত মুখে পরিণত হওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার ঢাকার মেয়র নির্বাচনে লড়তে চান। তিনি জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।
বুধবার (৩০ জুলাই) গণমাধ্যমকে তিনি বলেন, “ঢাকা দক্ষিণ সিটির মানুষদের সঙ্গে কথা বলছি, মতবিনিময় করছি। সঠিক সময় হলে আনুষ্ঠানিক ঘোষণা দেবো।”
ইশরাক হোসেনকে প্রতিপক্ষ হিসেবে কেমন দেখছেন? এমন প্রশ্নে হিরো আলম জানান, “কোনো নির্বাচনই সহজ নয়। আমি আমার মতো প্রস্তুতি নিচ্ছি। শেষ কথা বলবে জনগণ। তারা যদি চায়, আমি মেয়র তো হবই, ভবিষ্যতে জাতীয় নির্বাচনেও অংশ নেবো।”

তিনি আরও বলেন, “অনেকে ফোন করছেন, সাহস দিচ্ছেন, মত দিচ্ছেন—আমি মানুষের সেবার সুযোগ চাই।”
এর আগেও একাধিক নির্বাচনে আলোচনায় ছিলেন হিরো আলম। ২০২৩ সালের ঢাকা-১৭ উপ-নির্বাচনে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ভোটের দিন তার ওপর হামলার ঘটনাও ঘটে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এর আগে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। তবে সামান্য ব্যবধানে পরাজিত হন।