বিনোদন

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৮:৩৪ পিএম

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা
অভিনেতা শ্যামল মাওলা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলার জীবনে যুক্ত হলো নতুন পরিচয়—তিনি এখন একজন কন্যাসন্তানের গর্বিত বাবা। আজ রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় এই তারকা দম্পতির প্রথম সন্তান।

নতুন অতিথির আগমনের খবর নিশ্চিত করে শ্যামল মাওলা জানান, “আলহামদুলিল্লাহ, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।” কন্যার নাম রাখা হয়েছে সানাভ মাওলা। জন্মের কিছু সময় পর মেয়েকে কোলে নেওয়ার একটি আবেগঘন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এই অভিনেতা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “এই বিশ্ববাসী, নতুন তারকাকে সবাই স্বাগত জানাও।” সঙ্গে একটি প্রজাপতির ইমোজি ও হ্যাশট্যাগ #SanavMawla ব্যবহার করেন।

খবরটি প্রকাশের পরই অভিনয় অঙ্গনের সহকর্মীরা শ্যামলকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। নাজিয়া হক অর্ষা, তানজিকা আমিন, জামিল হোসেন, নিলয় আলমগীর, বিজরী বরকতুল্লাহ, মৌসুমী হামিদসহ অনেক তারকা তার সামাজিকমাধ্যমের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।

ব্যক্তিজীবনে শ্যামল মাওলা ২০২০ সালের ১০ অক্টোবর বিয়ে করেন অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারকে। তাদের এই সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব, ভালোবাসা আর সম্মানের এক নিখুঁত মেলবন্ধন—যা এবার পূর্ণতা পেল পিতৃত্ব ও মাতৃত্বের নতুন অভিজ্ঞতায়।

 

samol-2-Dhaka Prokah News-03-08-2025.jpg
অভিনেতা শ্যামল মাওলা। ছবি: সংগৃহীত

অভিনয়জীবনে শ্যামল মাওলা বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০১৮ সালে সৈয়দ আহমেদ শাওকীর ‘ক্যাশ’ দিয়ে তার ওটিটিতে অভিষেক ঘটে। এরপর ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’, এবং ‘মহানগর’ সিরিজে অনবদ্য অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। নতুন অধ্যায় শুরু করে এবার তিনি শুধু অভিনেতা নন, একজন পিতা হিসেবেও নিজের জীবনে নতুন দায়িত্ব ও ভালোবাসার পরিচয় যুক্ত করলেন।