বিনোদন
৫ মিনিট পরপর বাথরুমে গিয়ে কেঁদেছি: শুভশ্রী
টলিউডের আলোচিত জুটি ছিলেন দেব ও শুভশ্রী। একসময় তাদের অনস্ক্রিন রসায়নের মতোই পর্দার বাইরেও ছিল প্রেমের গুঞ্জন। তবে সেই সম্পর্কের পরিণতি হয়নি সুখের। বিচ্ছেদের দীর্ঘ সময় পেরিয়ে এসে এবার সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন নায়িকা শুভশ্রী গাঙ্গুলী।
জি বাংলার একটি পুরোনো রিয়েলিটি শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’-তে উপস্থিত হয়ে নিজের অতীত জীবনের কঠিন সময়ের কথা অকপটে শেয়ার করেন শুভশ্রী। বলেন, “আমি খুব ছোট বয়সেই জীবনের সবচেয়ে খারাপ সময়টা দেখেছি। এমন একটা সময় এসেছিল, যখন কাজ থেকেও মন উঠে গিয়েছিল। নিজেই সিদ্ধান্ত নিয়ে অভিনয় ছেড়ে দিয়েছিলাম। ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির পর দীর্ঘদিন কাজ করিনি।”

তবে যা ভেবেছিলেন জীবনের সেরা সিদ্ধান্ত, সেটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় ধাক্কা। “যে সম্পর্কের জন্য সব কিছু ছেড়েছিলাম, সেটাই টেকেনি। বুঝতে পেরেছিলাম, জীবনে কোনো কিছুই নিশ্চিত নয়,”—বলছিলেন তিনি।
এই মানসিক বিপর্যয়ের প্রভাব ছিল গভীর। শুভশ্রী বলেন, “আমি আমার চারটি বছর নষ্ট করেছি। বাবা-মায়ের সঙ্গেও কষ্ট ভাগ করে নিতে পারিনি। বাইরে থেকে সবসময় হাসিমুখে থাকতাম, কিন্তু প্রতি পাঁচ মিনিট পরপর বাথরুমে গিয়ে কাঁদতাম।”
তবে সেই কঠিন সময়ও তাকে দমিয়ে রাখতে পারেনি। নিজের ভেতরের শক্তির কথা জানিয়ে বলেন, “যখন মনে হলো হারানোর আর কিছুই নেই, তখনই বলেছিলাম—যা পাব সেটাই আমার প্রাপ্তি। তখন থেকেই ঈশ্বরের কৃপায় সব বদলে যেতে শুরু করে।”

ভালোবাসা নিয়ে আজও তার বিশ্বাস অটুট। “আমি কখনও ভালোবাসাকে অস্বীকার করিনি। অভিজ্ঞতা খারাপ হলেও ভালোবাসা নিজেই এক আশ্চর্য অনুভূতি। টাকা-পয়সা নয়, ভালোবাসা থাকলে জীবন সহজ হয়ে যায়,”—মন্তব্য করেন শুভশ্রী।
বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর সংসার সুখের। তাদের একমাত্র পুত্র ইউভানকে ঘিরেই এখন তার জীবনের কেন্দ্রবিন্দু। তবে পুরোনো প্রেমিক দেবের সঙ্গেও শিগগিরই পর্দায় ফিরছেন তিনি। আসছে বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধুমকেতু’, যেখানে তারা আবার জুটি হয়ে দর্শকের সামনে হাজির হবেন।