বিনোদন

ব্র্যাড পিটের মা জেন পিট আর নেই, শোকাচ্ছন্ন পরিবার ও ভক্তরা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৭:২৪ পিএম

ব্র্যাড পিটের মা জেন পিট আর নেই, শোকাচ্ছন্ন পরিবার ও ভক্তরা
মায়ের সঙ্গে ব্র্যাড পিট। ছবি: সংগৃহীত

বিশ্ববিখ্যাত হলিউড অভিনেতা ব্র্যাড পিট হারালেন তার প্রিয় মা জেন পিটকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পিট পরিবার ও অনুরাগীদের মধ্যে। যদিও এখনো পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

জেন পিট দীর্ঘদিন ধরে শুধু মা হিসেবেই নয়, একজন নীরব অনুপ্রেরণা হিসেবে ব্র্যাড পিটের পাশে ছিলেন। বিভিন্ন রেড কার্পেট অনুষ্ঠান ও উচ্চপর্যায়ের আয়োজনে ব্র্যাডের সঙ্গে নিয়মিত উপস্থিত থেকে তিনি তার ছেলের প্রতি নিঃশর্ত সমর্থন প্রকাশ করতেন।

মৃত্যুর খবর নিশ্চিত করে ব্র্যাড পিটের ভাইয়ের মেয়ে, অর্থাৎ তার ভাতিজি সিডনি পিট একটি আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে লেখেন,
“আমার প্রিয় গ্র্যামি, জেন এতা, তোমাকে যেতে দিতে আমরা এখনো প্রস্তুত ছিলাম না। কিন্তু এটা ভেবে শান্তি লাগছে যে তুমি এখন স্বাধীন, গাইতে পারবে, নাচতে পারবে, আর ছবি আঁকতে পারবে ঠিক যেমনটা তুমি ভালোবাসতে।”

জেনের উদারতা ও ভালোবাসার কথা স্মরণ করে সিডনি আরও লেখেন, “যারা তাকে চিনতেন তারা জানেন, তার হৃদয় ছিল সবচেয়ে বড়। নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসতেন। আমাকে শিখিয়েছেন কিভাবে আঁকতে হয়, কঠিন হতে হয়, নেতৃত্ব দিতে হয় এবং সব কিছুর মাঝেও যিশুকে ভালোবাসতে হয়। তিনি আমাদের হাসাতে নিজের মতো করে মজার সব খেলা তৈরি করতেন, আর ছিলেন এক ন্যায়পরায়ণ নারী।”

উল্লেখ্য, জেন পিট ও উইলিয়াম এলভিন পিট দম্পতির তিন সন্তান—ব্র্যাড পিট, ডগলাস পিট এবং জুলি পিট। ব্র্যাড পিট তিন ভাই-বোনের মধ্যে বড়। যদিও ব্র্যাড অভিনয়ে জনপ্রিয়তা অর্জন করলেও, বাকি দুই ভাই-বোন হলিউড অঙ্গনের বাইরে থেকে নিজের জীবন পরিচালনা করছেন।

জেন পিটের মৃত্যুতে শোক জানিয়েছেন ব্র্যাড পিটের ভক্ত, সহকর্মী ও শোবিজ অঙ্গনের পরিচিত মুখরা। তবে এখনো ব্র্যাড পিটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

এই দুঃসময়ে পিট পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে অসংখ্য মানুষ।