বিনোদন
পঞ্চগড়ে রিসোর্ট খুঁজলেন শবনম ফারিয়া, যে পরামর্শ দিলেন সারজিস আলম
জনপ্রিয় অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট শবনম ফারিয়া এবার ভ্রমণের পরিকল্পনায় উঠে এলেন আলোচনায়। রাজনীতি, আন্দোলন ও সামাজিক ইস্যুতে নিয়মিত মত প্রকাশ করলেও এবার তিনি ফেসবুকে জানতে চাইলেন পঞ্চগড় ও কাঞ্চনজঙ্ঘা ঘিরে থাকার মতো ভালো রিসোর্ট বা হোম স্টের তথ্য।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ফারিয়া লেখেন, "পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার আশেপাশে পরিবার নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম সাজেস্ট করতে পারেন?"

তার এই পোস্টে অসংখ্য মন্তব্য আসে। ভ্রমণপ্রেমীরা যেমন পরামর্শ দেন, তেমনি মন্তব্য করেন পরিচিতজনরাও। মন্তব্যকারীদের মধ্যে ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও।
তিনি ফারিয়াকে পরামর্শ দিয়ে লেখেন, "তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, তুলনামূলকভাবে ভালো। তাছাড়া কয়েকটি এনজিওর রিসোর্টও আছে।" সাথে সাথে ফারিয়াকে পঞ্চগড়ে স্বাগত জানাতেও ভুলেননি তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক ছাত্র-জনতার গণআন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সারজিস আলম ছিলেন তাদের একজন। অন্যদিকে শবনম ফারিয়াও সাংস্কৃতিক জগতের একজন প্রতিনিধিত্বকারী কণ্ঠ হিসেবে সেই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।